মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ও পুলিশের সাবেক মহামহাপরিদর্শক চৌধুরী আব্দুল্লাহ আল মামুমের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের শুনানি মঙ্গলবার (১ জুলাই) শেষ হয়েছে।
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে অভিযোগ গঠন শুনানি শেষে শেখ হাসিনার পক্ষে রাষ্ট্রনিযুক্ত দুই আইনজীবী সময়ের আবেদন করলে পরবর্তী শুনানি ৭ জুলাই নির্ধারণ করা হয়েছে।
রাষ্ট্রপক্ষের চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম পাঁচটি অভিযোগ পড়ে শোনান এবং অভিযোগ গঠন করে বিচার শুরুর আবেদন করেন। অন্যদিকে, চৌধুরী আব্দুল্লাহ আল মামুমের আইনজীবী অভিযোগ গঠন শুনানিতে অংশগ্রহণ না করার কথা জানান।
মামলায় পুলিশ ও আইনশৃঙ্খলা বাহিনীকে ব্যবহার করে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার ওপর সশস্ত্র হামলা, হত্যার চেষ্টা, ষড়যন্ত্রসহ গুরুতর অপরাধের অভিযোগ আনা হয়েছে।
এর আগে, ১৬ জুন আদালত শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামালকে এক সপ্তাহের মধ্যে হাজির হওয়ার জন্য পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশের নির্দেশ দেন। ১৭ জুন তাদের আত্মসমর্পণের নোটিশ জারি করা হয়।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিরস্ত্র ছাত্র-জনতার ওপর গুলি ও হত্যার পরিকল্পনাকারী হিসেবে এই মামলার বিচার চলছে। আন্দোলনে প্রায় দেড় হাজার মানুষ প্রাণ হারিয়েছে বলে অভিযোগ রয়েছে।