রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে চলমান বৃষ্টিপাত পুরো জুলাই মাসজুড়েই অব্যাহত থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। তবে কখনও বৃষ্টির পরিমাণ বেশি, আবার কখনও তুলনামূলক কম থাকবে।
সোমবার (১৩ জুলাই) প্রকাশিত আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়।ঢাকা আবহাওয়া অফিসের জ্যেষ্ঠ আবহাওয়াবিদ আবুল কালাম মল্লিক জানান, মঙ্গলবার ও বুধবার বৃষ্টির প্রবণতা কিছুটা কমতে পারে। তবে মৌসুমি বায়ু সক্রিয় থাকায় বৃহস্পতিবার থেকে আবারও বৃষ্টির পরিমাণ বাড়ার সম্ভাবনা রয়েছে। সোমবারও রাজধানীসহ দেশের বিভিন্ন এলাকায় বৃষ্টিপাত অব্যাহত থাকবে।তিনি বলেন, ৫ জুলাই সৃষ্ট নিম্নচাপের প্রভাবে গত কয়েক দিনে বৃষ্টিপাত বেড়েছিল। যদিও নিম্নচাপের প্রভাব এখন কমেছে, তবুও বঙ্গোপসাগরে মৌসুমি বায়ু সক্রিয় থাকায় পুরো মাসজুড়ে বৃষ্টিপাতের ধারা অব্যাহত থাকতে পারে।
আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী, রোববার সকাল ৬টা থেকে সোমবার সকাল ৬টা পর্যন্ত ঢাকায় ১৭৪ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। এছাড়া সোমবার সকাল ৬টা থেকে ৯টা পর্যন্ত আরও ১৩ মিলিমিটার বৃষ্টি হয়েছে। একই সময়ে কুমিল্লায় ১০৭ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।পূর্বাভাসে বলা হয়েছে, সোমবার সন্ধ্যা ৬টার মধ্যে রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায়, এবং খুলনা ও বরিশাল বিভাগের অনেক স্থানে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। দেশের কয়েকটি এলাকায় ভারী থেকে অতিভারী বৃষ্টিপাতেরও সম্ভাবনা রয়েছে।আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, দক্ষিণ-পূর্বাঞ্চলে বৃষ্টির তীব্রতা কিছুটা কমলেও রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত অব্যাহত থাকবে।সিনপটিক অবস্থায় বলা হয়েছে, মৌসুমি বায়ুর বর্ধিতাংশ পাঞ্জাব, হরিয়ানা, উত্তর প্রদেশ, বিহার, পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের মধ্যাঞ্চল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে। এর একটি অংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত প্রসারিত। বর্তমানে বাংলাদেশের ওপর মৌসুমি বায়ু সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে মাঝারি অবস্থায় বিরাজ করছে।আবহাওয়া অধিদপ্তরের তথ্যমতে, রোববার দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল সৈয়দপুরে ৩৫ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস এবং সোমবার দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে বান্দরবানে ২২ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস।