ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) বিদ্যমান ২ ও ৬ নম্বর ওয়ার্ডকে বিভক্ত করে নতুন দুটি ওয়ার্ড গঠনের প্রক্রিয়া শুরু হয়েছে। এ সীমানা নির্ধারণের কাজ সম্পন্ন করতে ডিএনসিসির প্রধান নির্বাহী কর্মকর্তাকে সীমানা নির্ধারণ কর্মকর্তা হিসেবে নিয়োগ দিয়েছে সরকার।
সম্প্রতি স্থানীয় সরকার বিভাগের সিটি করপোরেশন-১ শাখা থেকে এ বিষয়ে একটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে। এতে আগামী ৩০ কার্যদিবসের মধ্যে সুপারিশসহ চূড়ান্ত প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, ডিএনসিসির আওতাধীন বিদ্যমান ২ নম্বর ওয়ার্ডকে বিভক্ত করে একটি নতুন ওয়ার্ড এবং ৬ নম্বর ওয়ার্ডকে বিভক্ত করে আরও একটি নতুন ওয়ার্ড গঠনের লক্ষ্যে প্রস্তাব পাওয়া গেছে। স্থানীয় সরকার (সিটি করপোরেশন) আইন, ২০০৯-এর ২৭ ও ২৯ ধারা অনুযায়ী নতুন ওয়ার্ড দুটির সীমানা নির্ধারণ করা হবে।
সীমানা নির্ধারণ কর্মকর্তাকে সহায়তার জন্য তিনজনকে সহকারী সীমানা নির্ধারণ কর্মকর্তা হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। তারা হলেন ডিএনসিসির প্রধান সম্পত্তি কর্মকর্তা, ঢাকার জেলা প্রশাসকের প্রতিনিধি এবং ডিএনসিসির অঞ্চল-২-এর আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা।
বর্তমানে ঢাকা উত্তর সিটি করপোরেশনে ৫৪টি ওয়ার্ড রয়েছে। নতুন দুটি ওয়ার্ডের সীমানা চূড়ান্ত হলে ডিএনসিসির মোট ওয়ার্ডের সংখ্যা বেড়ে ৫৬টিতে দাঁড়াবে।