ভারতের রাজধানী দিল্লিতে দক্ষিণ ও মধ্য এশিয়ার বিভিন্ন দেশে কর্মরত মার্কিন রাষ্ট্রদূত ও মিশন প্রধানদের নিয়ে একটি আঞ্চলিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) ভারতে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত সার্জিও গোরের আমন্ত্রণে এ বিশেষ সম্মেলন অনুষ্ঠিত হয়।
সম্মেলনে বাংলাদেশসহ দক্ষিণ ও মধ্য এশিয়ার ১১টি দেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ও মিশন প্রধানরা অংশ নেন। দেশগুলো হলো—কাজাখস্তান, কিরগিজস্তান, তাজিকিস্তান, তুর্কমেনিস্তান, উজবেকিস্তান, বাংলাদেশ, ভারত, মালদ্বীপ, নেপাল, পাকিস্তান ও শ্রীলঙ্কা।
ওয়াশিংটন থেকে ভার্চুয়ালি সম্মেলনে যুক্ত হন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। পরে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে তিনি সম্মেলনে অংশ নেওয়ার বিষয়টি নিশ্চিত করেন।
পোস্টে রুবিও জানান, দিল্লিতে অনুষ্ঠিত মার্কিন রাষ্ট্রদূতদের আঞ্চলিক সম্মেলনে যুক্ত হতে পেরে তিনি আনন্দিত। বৈঠকে সংশ্লিষ্ট দেশগুলোতে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ও মিশন প্রধানদের সঙ্গে বিভিন্ন বিষয়ে ফলপ্রসূ মতবিনিময় হয়েছে বলেও জানান তিনি।
এদিকে কূটনৈতিক সূত্রের বরাত দিয়ে জানা গেছে, মার্কিন-মধ্য এশিয়া কৌশলগত অংশীদারত্ব আরও জোরদার এবং দ্বিপাক্ষিক কূটনৈতিক ও বাণিজ্যিক সহযোগিতা বৃদ্ধির লক্ষ্যে আগামী অক্টোবরের মাঝামাঝি সময়ে উজবেকিস্তান সফর করবেন মার্কো রুবিও। এ সফরে যুক্তরাষ্ট্রের শতাধিক শীর্ষস্থানীয় প্রতিষ্ঠানের কর্মকর্তাদের নিয়ে একটি বড় ব্যবসায়ী প্রতিনিধিদল থাকার কথা রয়েছে।
উজবেকিস্তানের ঐতিহাসিক সমরকন্দ সফরকালে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী সি৫+১ (C5+1) মন্ত্রীপর্যায়ের একটি বিশেষ বৈঠকেও অংশ নেবেন। বৈঠকে যুক্তরাষ্ট্রের পাশাপাশি কাজাখস্তান, কিরগিজস্তান, তাজিকিস্তান, তুর্কমেনিস্তান ও উজবেকিস্তানের পররাষ্ট্রমন্ত্রীরা অংশ নেবেন বলে জানা গেছে।