দেশের সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোতে প্রধান শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায় আর কোনো আইনি বাধা নেই বলে রায় দিয়েছেন আপিল বিভাগ। ফলে দীর্ঘদিন আটকে থাকা প্রায় ৩২ হাজার প্রধান শিক্ষক নিয়োগ কার্যক্রম এগিয়ে নেওয়ার পথ সুগম হলো।
বৃহস্পতিবার (২ জুলাই) প্রধান শিক্ষক নিয়োগ সংক্রান্ত একটি মামলার শুনানি শেষে আপিল বিভাগ এ রায় দেন।
এর আগে শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন জানান, সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোতে প্রধান শিক্ষকের সংকট দূর করতে প্রায় ৩২ হাজার ৫০০ প্রধান শিক্ষক নিয়োগের উদ্যোগ নেওয়া হলেও আদালতের স্থগিতাদেশের কারণে সেই কার্যক্রম বন্ধ ছিল।
আজকের রায়ের মাধ্যমে সেই আইনি জটিলতার অবসান হওয়ায় নিয়োগ কার্যক্রম এগিয়ে নিতে আর কোনো বাধা থাকছে না।
এদিকে, প্রধান শিক্ষক নিয়োগসংক্রান্ত মামলার নিষ্পত্তি উপলক্ষে আজ দুপুরে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়েছে। এতে শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন উপস্থিত থেকে বিস্তারিত তুলে ধরবেন।