সরকার দীর্ঘদিন অকার্যকর থাকা তিনটি স্থলবন্দর বন্ধ ও একটি স্থলবন্দরের কার্যক্রম আপাতত স্থগিত করার সিদ্ধান্ত নিয়েছে। এই সিদ্ধান্ত বৃহস্পতিবার প্রধান উপদেষ্টার কার্যালয়ে অনুষ্ঠিত উপদেষ্টা পরিষদের সভায় অনুমোদিত হয়। সভায় সভাপতিত্ব করেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস।
প্রেস ব্রিফিংয়ে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম জানান, চিলাহাটি, দৌলতগঞ্জ ও তেগামুখ স্থলবন্দর সম্পূর্ণভাবে বন্ধ ঘোষণা করা হয়েছে। এছাড়া বাল্লা স্থলবন্দরের অপারেশনাল কার্যক্রম আপাতত স্থগিত রাখা হয়েছে।
তিনি বলেন, “এ সিদ্ধান্ত মন্ত্রীসভা কমিটির সুপারিশের পর অনুমোদিত হয়েছে। অনেক স্থলবন্দর কার্যত অকার্যকর হওয়ায় তাদের পরিচালনায় অতিরিক্ত ব্যয় হচ্ছে। প্রয়োজনীয় অবকাঠামো ও বাণিজ্যিক কার্যক্রম না থাকার কারণে এগুলো সরকারের জন্য আর্থিক বোঝা হয়ে দাঁড়ায়।”
শফিকুল আলম জানান, বর্তমানে কার্যক্রমহীন আরও চারটি স্থলবন্দরের বিষয়ে পরবর্তী সময়ে সিদ্ধান্ত নেওয়া হবে।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন প্রধান উপদেষ্টার উপ-প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার ও সিনিয়র সহকারী প্রেস সচিব ফয়েজ আহম্মদ।