ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির মর্মান্তিক হত্যাকাণ্ডে গভীর শোক প্রকাশ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।
বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) রাতে নিজের ভেরিফাইড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তারেক রহমান বলেন, তিনি এ হত্যাকাণ্ডে গভীরভাবে শোকাহত। তিনি মরহুমের রুহের মাগফিরাত কামনা করেন এবং তার অকাল শহীদি মৃত্যু রাজনৈতিক সহিংসতার মানবিক মূল্যকে আবারও স্মরণ করিয়ে দিয়েছে বলে উল্লেখ করেন।
তারেক রহমান বলেন, শরিফ ওসমান হাদি ছিলেন একজন সাহসী রাজনৈতিক কর্মী ও নির্ভীক কণ্ঠস্বর, যিনি সবসময় অন্যায়ের বিরুদ্ধে অবস্থান নিয়েছেন। জুলাই গণঅভ্যুত্থানের পর ইনকিলাব মঞ্চের মুখপাত্র হিসেবে তিনি জুলাইয়ের যোদ্ধাদের অধিকার রক্ষা, গণতান্ত্রিক মূল্যবোধ সংরক্ষণ এবং জাতীয় স্বার্থ সুরক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন।
তিনি মরহুমের শোকাহত পরিবার, স্বজন ও সহযোদ্ধাদের প্রতি গভীর সমবেদনা জানান। পাশাপাশি অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি আহ্বান জানিয়ে বলেন, দ্রুত তদন্তের মাধ্যমে অপরাধীদের গ্রেপ্তার ও শাস্তি নিশ্চিত করে ন্যায়বিচার প্রতিষ্ঠা করতে হবে।
তারেক রহমান আরও বলেন, দেশের প্রতিটি নাগরিকের নিরাপত্তা নিশ্চিত করতে সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে, যাতে কোনো ঘটনা বাংলাদেশকে অস্থিতিশীল করতে না পারে বা গণতান্ত্রিক আকাঙ্ক্ষায় আঘাত না হানে।