বাংলাদেশ থেকে পাট, বোনা কাপড় ও সুতার তৈরি পণ্য স্থলবন্দর দিয়ে আমদানি নিষিদ্ধ করেছে ভারত। শুক্রবার (২৭ জুন) ভারতের বৈদেশিক বাণিজ্য অধিদপ্তর এক বিজ্ঞপ্তিতে এ ঘোষণা দেয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, এখন থেকে এসব পণ্য কেবল মহারাষ্ট্রের নহভা শেভা সমুদ্রবন্দর দিয়ে আনা যাবে। স্থলবন্দর দিয়ে কোনোভাবে আমদানি করা যাবে না। নিষিদ্ধ পণ্যের মধ্যে রয়েছে পাটজাত পণ্য, বোনা কাপড়, শণ সুতা এবং ব্লিচ না করা পাটের কাপড়।
এর আগে গত মে মাসেও ভারত স্থলবন্দর দিয়ে বাংলাদেশি তৈরি পোশাক আমদানিতে নিষেধাজ্ঞা দিয়েছিল। তখনও সমুদ্রপথ ছাড়া অন্য কোনো রুটে পণ্য প্রবেশে বাধা দেওয়া হয়।
ভারতে বছরে প্রায় ৭০০ মিলিয়ন ডলারের তৈরি পোশাক রপ্তানি করে বাংলাদেশ। নতুন এই নিষেধাজ্ঞায় ব্যবসায়ীরা শঙ্কিত যে, পোশাক ও পাট খাতে নেতিবাচক প্রভাব পড়তে পারে।
তবে ভারতের পক্ষ থেকে জানানো হয়েছে, বাংলাদেশ থেকে নেপাল ও ভুটানে যে পণ্য যায়, সেগুলোর ওপর এই নিষেধাজ্ঞা প্রযোজ্য হবে না। তবে ওই পণ্য পুনরায় অন্য দেশে রপ্তানি করা যাবে না।
উল্লেখ্য, গত বছরের আগস্টে শেখ হাসিনা ভারতের উদ্দেশে দেশ ছাড়ার পর থেকে দুই দেশের সম্পর্ক কিছুটা উত্তেজনামূলক হয়ে ওঠে। এর ধারাবাহিকতায় ভারতের এই কঠোর পদক্ষেপ নেওয়া হয়েছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।