যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার সোমবার (২২ জুন) পদত্যাগের ঘোষণা দিতে পারেন বলে জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম অবজারভার। তবে এ বিষয়ে এখনো কোনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি।
রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়েছে, স্টারমার পদত্যাগের পাশাপাশি তার দায়িত্ব ছাড়ার একটি সময়সূচিও ঘোষণা করতে পারেন। যদিও সরকারের একটি সূত্র জানিয়েছে, তিনি এখনো প্রধানমন্ত্রীর দায়িত্ব পালনের দিকেই মনোযোগী রয়েছেন।
সাম্প্রতিক মাসগুলোতে ক্ষমতাসীন লেবার পার্টির ভেতর থেকেই ক্রমবর্ধমান চাপের মুখে রয়েছেন স্টারমার। বিশেষ করে সম্ভাব্য প্রতিদ্বন্দ্বী অ্যান্ডি বার্নহাম সম্প্রতি পার্লামেন্টের একটি আসনে জয় পাওয়ার পর নেতৃত্ব পরিবর্তনের আলোচনা আরও জোরালো হয়েছে।
প্রতিবেদনে আরও বলা হয়েছে, নিজের রাজনৈতিক ভবিষ্যৎ নিয়ে স্ত্রী ভিক্টোরিয়ার সঙ্গে আলোচনা করছেন স্টারমার। একই সময়ে লেবার পার্টির জ্যেষ্ঠ নেতারাও তার অবস্থান সম্পর্কে দ্রুত স্পষ্টতা চান।
তবে গত শুক্রবার স্টারমার সাংবাদিকদের বলেন, তার নেতৃত্বের বিরুদ্ধে কোনো চ্যালেঞ্জ এলে তিনি তা মোকাবিলা করবেন এবং নেতৃত্বের লড়াইয়ে অংশ নেবেন। তিনি দলীয় কোন্দল পরিহার করে লেবার পার্টিকে ঐক্যবদ্ধ থাকার আহ্বানও জানান।
২০২৪ সালের সাধারণ নির্বাচনে স্টারমারের নেতৃত্বে লেবার পার্টি বড় জয় পেয়ে ক্ষমতায় আসে। কিন্তু ক্ষমতায় আসার পর জীবনমান উন্নয়নসহ বিভিন্ন নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়ন নিয়ে ভোটারদের একাংশের মধ্যে হতাশা তৈরি হয়েছে, যা তার নেতৃত্বকে চাপে ফেলেছে।