যুক্তরাষ্ট্রের সঙ্গে বিরল খনিজ সম্পদ চুক্তি করতে হলে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিকে প্রকাশ্যে ক্ষমা চাইতে হবে, এমন শর্ত দিয়েছে ওয়াশিংটন। নাম প্রকাশে অনিচ্ছুক এক মার্কিন কর্মকর্তার বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে ফক্স নিউজ।
গত শুক্রবার হোয়াইট হাউসে এক বৈঠকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সের সঙ্গে উত্তপ্ত বাক্য বিনিময়ে জড়ান জেলেনস্কি। এ ঘটনার জেরে যুক্তরাষ্ট্র-ইউক্রেন বিরল খনিজ চুক্তি ভেস্তে যায়।
ফক্স নিউজের প্রতিবেদক পিটার ডুসি দাবি করেন, এক জ্যেষ্ঠ মার্কিন কর্মকর্তা তাকে জানিয়েছেন, যতক্ষণ না জেলেনস্কি তার আচরণের জন্য প্রকাশ্যে ক্ষমা চাইবেন, ততক্ষণ এই চুক্তি এগোবে না।
রোববার বিবিসিকে দেওয়া এক সাক্ষাৎকারে জেলেনস্কি যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় বসার আগ্রহ প্রকাশ করেন। তিনি জানান, যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তি করতেও প্রস্তুত। তবে একই দিনে এক ইউক্রেনীয় কর্মকর্তা ফক্স নিউজকে জানান, জেলেনস্কি ট্রাম্প ও ভ্যান্সের কাছে মাথা নত করবেন না।
অন্যদিকে, ইউক্রেন যুদ্ধ বন্ধের পাশাপাশি রাশিয়ার সঙ্গে সম্পর্ক পুনর্গঠনের জন্য নিষেধাজ্ঞা শিথিলের পরিকল্পনা করছে ওয়াশিংটন। বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, হোয়াইট হাউস পররাষ্ট্র ও অর্থ বিভাগকে একটি তালিকা প্রস্তুত করার নির্দেশ দিয়েছে, যেখানে নিষেধাজ্ঞা শিথিলের বিষয়টি উল্লেখ থাকবে।
মার্কিন কর্মকর্তারা ভবিষ্যতে রুশ প্রতিনিধিদের সঙ্গে আলোচনায় এ ইস্যু উত্থাপন করতে পারেন। ইতোমধ্যে, রাশিয়ার কিছু ব্যক্তি ও প্রতিষ্ঠানের ওপর নিষেধাজ্ঞা প্রত্যাহারে একটি প্রস্তাব প্রস্তুত করছে যুক্তরাষ্ট্র।