ভারতের তেলঙ্গানা রাজ্যের সাঙ্গারেড্ডি জেলায় একটি রাসায়নিক কারখানায় ভয়াবহ বিস্ফোরণে কমপক্ষে ৩৪ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত ৩৫ জন। মঙ্গলবার (১ জুলাই) এ তথ্য জানিয়েছে বিবিসি।
দুর্ঘটনাটি ঘটে পাসামিলারাম শিল্প এলাকায় অবস্থিত সিগাচি কেমিক্যালস কারখানায়। স্থানীয় প্রশাসন জানিয়েছে, নিহতদের মধ্যে চারজনের পরিচয় শনাক্ত করা গেলেও, বাকি ৩০ জনের পরিচয় এখনও নিশ্চিত করা সম্ভব হয়নি।
প্রাথমিকভাবে জানা গেছে, সোমবার সকালে হঠাৎ কারখানা প্রাঙ্গণে ভয়ঙ্কর বিস্ফোরণের শব্দ শোনা যায়। স্থানীয়রা দৌড়ে গিয়ে দেখতে পান, কারখানার ছাদ উড়ে গিয়ে প্রায় ১০০ মিটার দূরে পড়ে আছে এবং কারখানা থেকে ঘন কালো ধোঁয়া বের হচ্ছে।
দুর্ঘটনার পরপরই দমকল বাহিনী ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে এবং ধ্বংসস্তূপ সরানোর কাজ শুরু করে। উদ্ধার তৎপরতার সময় একে একে বেরিয়ে আসে মৃতদেহ।
তেলঙ্গানার স্বাস্থ্যমন্ত্রী দামোদর রাজানরসিং জানান, বিস্ফোরণের তীব্রতায় ছাদ উড়ে যায় এবং সেখানে কাজ করা অনেক শ্রমিকের মরদেহ ১০০ মিটার দূর পর্যন্ত ছিটকে পড়ে। স্থানীয় প্রশাসন জানিয়েছে, ঘটনার সময় কারখানায় প্রায় ৯০ জন শ্রমিক কাজ করছিলেন।
প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, রাসায়নিক বিক্রিয়ার কারণেই ওষুধের উপকরণ তৈরির ওই কারখানায় বিস্ফোরণ ঘটে। তবে তদন্ত শেষ না হওয়া পর্যন্ত নিশ্চিতভাবে কিছু বলা যাচ্ছে না বলে জানিয়েছে প্রশাসন।
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এক্সে (সাবেক টুইটার) দেওয়া বার্তায় শোক জানিয়ে লিখেছেন, “তেলেঙ্গানার সাঙ্গারেড্ডিতে কারখানায় অগ্নিকাণ্ডে প্রাণহানির ঘটনায় আমি শোকাহত। যারা তাদের প্রিয়জনকে হারিয়েছেন, তাদের প্রতি গভীর সমবেদনা। আহতদের দ্রুত আরোগ্য কামনা করছি।”
তিনি আরও জানিয়েছেন, প্রধানমন্ত্রীর জাতীয় ত্রাণ তহবিল থেকে নিহতদের প্রত্যেকের পরিবারকে ২ লাখ রুপি এবং আহতদের প্রত্যেককে ৫০ হাজার রুপি করে ক্ষতিপূরণ দেওয়া হবে।
এ ঘটনায় তেলঙ্গানার মুখ্যমন্ত্রী রেবন্ত ছাড়াও রাজ্যপাল জিষ্ণু দেববর্মা শোক প্রকাশ করেছেন। বিরোধী ভারত রাষ্ট্র সমিতি (বিআরএস) ইতোমধ্যেই এই ঘটনায় পূর্ণাঙ্গ ও স্বচ্ছ তদন্তের দাবি জানিয়েছে।