মাদকের ভয়াবহতা থেকে তরুণ প্রজন্মকে রক্ষায় সর্বস্তরের মানুষের অংশগ্রহণে কার্যকর সামাজিক আন্দোলন গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
তিনি বলেন, তরুণ প্রজন্মকে রক্ষা করা না গেলে জাতির কাঙ্ক্ষিত অগ্রগতি বাধাগ্রস্ত হবে। মাদকের কারণে বহু সম্ভাবনাময় জীবন নষ্ট হওয়ার পাশাপাশি পরিবার ও সমাজও মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে।
বুধবার (৭ অক্টোবর) বঙ্গভবনে ঠাকুরগাঁওয়ের সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন ‘আহবান’-এর ৩৮ সদস্যের একটি প্রতিনিধিদল রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ করতে গেলে তিনি এসব কথা বলেন। সংগঠনটির আহ্বায়ক লুকমান শারীফ ও সদস্য সচিব ডা. তাহমিদ আহমেদ প্রতিনিধিদলের নেতৃত্ব দেন।
রাষ্ট্রপতি বলেন, একটি জনপদকে সমৃদ্ধ করতে হলে ওই অঞ্চলের মানুষকে জাগিয়ে তুলতে হবে। পাশাপাশি শিক্ষা, সংস্কৃতি, জ্ঞান-বিজ্ঞান ও মানবিক মূল্যবোধের বিকাশ ঘটানো জরুরি। সমাজে ইতিবাচক পরিবর্তন আনা এবং মানুষের কল্যাণে দেশের সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠনগুলো গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।
সাক্ষাৎকালে রাষ্ট্রপতি ‘আহবান’-এর বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও স্বেচ্ছাসেবামূলক কর্মকাণ্ডের প্রশংসা করেন। বিশেষ করে সংগঠনটির উদ্যোগে আয়োজিত ঠাকুরগাঁও স্কুলভিত্তিক সায়েন্স ফেস্ট, প্রতিবন্ধী ব্যক্তিদের ফুটবল টুর্নামেন্ট, মেডিকেল ক্যাম্প, শীতবস্ত্র বিতরণ এবং জেন-জি কার্নিভালসহ বিভিন্ন কার্যক্রমের প্রশংসা করেন তিনি।
রাষ্ট্রপতি আরও বলেন, জেলার অর্থনীতি ও কৃষির উন্নয়ন, দরিদ্র ও পিছিয়ে পড়া জনগোষ্ঠীর কল্যাণ এবং মেধাবী ও অসচ্ছল শিক্ষার্থীদের সহায়তায় তরুণ ও পেশাজীবীরা গুরুত্বপূর্ণ অবদান রাখতে পারেন। মাদকসহ বিভিন্ন সামাজিক সমস্যা নিরসন এবং জনগণের সরকারি সেবা পাওয়ার প্রক্রিয়া সহজ করতেও তাদের ভূমিকা রাখার সুযোগ রয়েছে।
তিনি তরুণ প্রজন্মকে ব্যক্তিগত, সামাজিক ও সাংগঠনিক জীবনে গণতান্ত্রিক মূল্যবোধ এবং সুস্থ সাংস্কৃতিক চর্চা অব্যাহত রাখার আহ্বান জানান।
এ সময় ‘আহবান’-এর সদস্যরা রাষ্ট্রপতিকে তরুণ প্রজন্মের জন্য অনুপ্রেরণার উৎস হিসেবে উল্লেখ করেন এবং ঠাকুরগাঁও জেলার উন্নয়ন ও জনকল্যাণে তাঁর ভূমিকার জন্য ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান। একটি সুন্দর, মানবিক, আলোকিত ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তুলতে নিজ নিজ অবস্থান থেকে কাজ করে যাওয়ার অঙ্গীকারও ব্যক্ত করেন তাঁরা।
প্রতিনিধিদলের সদস্যরা সংগঠনের বিভিন্ন কার্যক্রমে রাষ্ট্রপতির দিকনির্দেশনা ও সহযোগিতা কামনা করলে তিনি তাঁদের সার্বিক সহযোগিতার আশ্বাস দেন।
অনুষ্ঠানে রাষ্ট্রপতির সচিবসহ বঙ্গভবনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।