শিরোনাম
আটলান্টিক মহাসাগরে এয়ার অ্যাম্বুলেন্স বিধ্বস্ত, নিহত ৬ চলতি অর্থবছরে দেশে বসছে ১৭টি নতুন রেডিওথেরাপি মেশিন মাদক থেকে তরুণদের রক্ষায় সামাজিক আন্দোলনের আহ্বান রাষ্ট্রপতির জেট ফুয়েলের দাম বাড়ল, আজ রাত থেকেই কার্যকর দেশে ডেঙ্গুতে আরও ৮ জনের মৃত্যু, এক দিনে হাসপাতালে ভর্তি ১,৮৬০ হাম-উপসর্গে এক দিনে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৩৯০ মধুপুরে সংঘবদ্ধ ধর্ষণ: দুই আসামির যাবজ্জীবন কারাদণ্ড রসায়নে নোবেল পেলেন ফরাসি বিজ্ঞানী হেনরি কাগন ও জাপানি কেনসো সোয়াই ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় ৪৬৫ জন গ্রেফতার রামেবি উপাচার্যকে জোর করে পদত্যাগপত্রে স্বাক্ষরের অভিযোগ নওগাঁয় চালকলের বয়লার বিস্ফোরণে শ্রমিক নিহত, আহত ৪ মা ইলিশ সংরক্ষণে কাল থেকে ২২ দিনের নিষেধাজ্ঞা, দুশ্চিন্তায় পদ্মাপাড়ের জেলেরা নির্বাচিত সরকারকে অস্থিতিশীল করতে নাশকতার চেষ্টা চলছে: রিজভী স্কুলে ভর্তি পরীক্ষা চালুর সিদ্ধান্ত চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট দুর্গাপূজায় টানা তিন দিনের সরকারি ছুটি, ১৭ অক্টোবর অফিস খোলা
শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ০৫:২২ পূর্বাহ্ন

মা ইলিশ সংরক্ষণে কাল থেকে ২২ দিনের নিষেধাজ্ঞা, দুশ্চিন্তায় পদ্মাপাড়ের জেলেরা

নিজস্ব প্রতিবেদক / ১০ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : বুধবার, ৭ অক্টোবর, ২০২৬

আগামীকাল ৮ অক্টোবর থেকে শুরু হচ্ছে ২২ দিনের মা ইলিশ সংরক্ষণ অভিযান। এ সময় পদ্মা নদীতে সব ধরনের মাছ ধরা বন্ধ থাকবে। নিষেধাজ্ঞার এই সময়ে পরিবার কীভাবে চালাবেন, তা নিয়ে দুশ্চিন্তায় রয়েছেন পদ্মাপাড়ের জেলেরা।

জেলেদের অভিযোগ, বছরের পর বছর নদীতে মাছ ধরলেও তাদের অনেকেরই সরকারি জেলে কার্ড নেই। আবার মাছ ধরেন না—এমন ব্যক্তিদের কেউ কেউ জেলে কার্ড পেয়েছেন। ফলে প্রকৃত জেলেরা সরকারি সহায়তা থেকে বঞ্চিত হচ্ছেন।

মৎস্য বিভাগের তথ্য অনুযায়ী, রাজবাড়ী সদর, পাংশা, কালুখালী ও গোয়ালন্দ উপজেলায় নিবন্ধিত জেলের সংখ্যা ১৪ হাজার ১০২ জন। এর মধ্যে ইলিশ শিকারের সঙ্গে জড়িত কার্ডধারী জেলে রয়েছেন ৬ হাজার ৩০৪ জন। তবে এবার ভিজিএফের চাল বরাদ্দ এসেছে ৫ হাজার ৫৯২ জনের জন্য। ফলে ৭১২ জন কার্ডধারী ইলিশ জেলে চাল সহায়তা থেকে বঞ্চিত হচ্ছেন।

সরেজমিনে রাজবাড়ী সদর উপজেলার বরাট, মিজানপুর ও গোয়ালন্দের দৌলতদিয়া এলাকার পদ্মাপাড়ে দেখা যায়, নিষেধাজ্ঞা শুরুর আগে নৌকা ও জাল মেরামতে ব্যস্ত সময় পার করছেন জেলেরা। কেউ জাল ঠিক করছেন, আবার কেউ নৌকায় আলকাতরা দিচ্ছেন।

বরাটের জেলে জমির হালদার বলেন, প্রায় পাঁচ-ছয় বছর ধরে নদীতে মাছ ধরলেও তাঁর জেলে কার্ড হয়নি। তাঁর পরিবারে পাঁচ থেকে সাতজন সদস্য। নিষেধাজ্ঞার ২২ দিন সংসার কীভাবে চলবে, তা নিয়ে দুশ্চিন্তায় রয়েছেন তিনি। মাছ ধরা ছাড়া অন্য কোনো কাজের সুযোগ না থাকায় পেটের দায়ে লুকিয়ে নদীতে নামতে হতে পারে বলেও জানান তিনি।

মিজানপুরের জেলে ইয়াকুব আলী বলেন, তাঁর জেলে কার্ড রয়েছে এবং নিষেধাজ্ঞার সময় তিনি নদীতে নামবেন না। তবে সরকারের দেওয়া ২৫ কেজি চাল দিয়ে বড় পরিবার চালানো কঠিন বলে জানান তিনি।

দৌলতদিয়ার জেলে শুকচান হালদার প্রায় আট বছর ধরে মাছ ধরলেও তাঁর জেলে কার্ড হয়নি। তিনি বলেন, ‘চালও পাই না, কোনো সহযোগিতাও পাই না। কী করব, পেট তো আছে।’

ধাওয়াপাড়ার জেলে ইদ্রিস ব্যাপারীও দীর্ঘদিন নদীতে মাছ ধরলেও জেলে কার্ড পাননি বলে জানান। প্রায় তিন যুগ ধরে মাছ ধরা সোহেল হালদার বলেন, পর্যাপ্ত সরকারি সহায়তার পাশাপাশি বিকল্প কর্মসংস্থানের ব্যবস্থা করা হলে নিষেধাজ্ঞার সময় জেলেরা নদীতে নামবেন না।

রাজবাড়ী জেলা মৎস্য কর্মকর্তা মো. মাহবুব উল হক বলেন, মা ইলিশের প্রজননের জন্য ২২ দিন অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ সময় ইলিশকে নির্বিঘ্নে ডিম ছাড়ার সুযোগ দেওয়া গেলে উৎপাদন বাড়বে। নিষেধাজ্ঞা সফল করতে জেলে ও সংশ্লিষ্ট সবার সহযোগিতা প্রয়োজন।

জেলেদের কার্ড না পাওয়া এবং অমৎস্যজীবীদের কার্ড পাওয়ার অভিযোগের বিষয়ে তিনি বলেন, প্রতি বছর জেলে কার্ড হালনাগাদ করা হচ্ছে। সুনির্দিষ্ট অভিযোগ পাওয়া গেলে যাচাই করে ব্যবস্থা নেওয়া হবে। নতুন জেলেদের যাচাই-বাছাই শেষে প্রকৃত জেলে হলে কার্ড দেওয়ার ব্যবস্থাও রয়েছে।


এই ক্যাটাগরির আরো সংবাদ