দেশের অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক রুটের ফ্লাইটে ব্যবহৃত উড়োজাহাজের জ্বালানি জেট ফুয়েলের দাম বাড়িয়েছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। নতুন দাম বুধবার (৭ অক্টোবর) রাত ১২টা থেকে কার্যকর হবে এবং পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত তা বহাল থাকবে।
বুধবার বিকেলে বিইআরসির সচিব মো. নজরুল ইসলাম সরকার স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তি অনুযায়ী, নতুন সমন্বিত মূল্যে অভ্যন্তরীণ রুটের ফ্লাইটের জন্য প্রতি লিটার জেট ফুয়েলের দাম নির্ধারণ করা হয়েছে ১৮২ টাকা ৭১ পয়সা। আর আন্তর্জাতিক রুটের ফ্লাইটের জন্য প্রতি লিটারের দাম নির্ধারণ করা হয়েছে ১.১৮৮২ মার্কিন ডলার।
এর আগে সেপ্টেম্বর মাসে অভ্যন্তরীণ রুটে প্রতি লিটার জেট ফুয়েলের দাম ছিল ১৬৫ টাকা ৬৫ পয়সা। ফলে অক্টোবর মাসে অভ্যন্তরীণ রুটে প্রতি লিটারে দাম বেড়েছে ১৭ টাকা ৬ পয়সা।
অন্যদিকে, আন্তর্জাতিক রুটে গত মাসে প্রতি লিটার জেট ফুয়েলের দাম ছিল ১.০৭৭০ মার্কিন ডলার। নতুন দামে তা বেড়ে হয়েছে ১.১৮৮২ ডলার। অর্থাৎ প্রতি লিটারে দাম বেড়েছে ০.১১১২ ডলার বা প্রায় ১১ সেন্ট।
বিইআরসি জানিয়েছে, গত ৫ সেপ্টেম্বর থেকে ৪ অক্টোবর পর্যন্ত আন্তর্জাতিক বাজারে জেট এ-১ জ্বালানির প্ল্যাটস রেটের গড় মূল্য এবং একই সময়ে বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনের (বিপিসি) এলসি সেটেলমেন্টে মার্কিন ডলারের বিনিময় হার বিবেচনায় নিয়ে নতুন দাম নির্ধারণ করা হয়েছে।
বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন আইন, ২০০৩-এর ২২(খ) ও ৩৪ ধারায় প্রদত্ত ক্ষমতাবলে ভোক্তাপর্যায়ে জেট ফুয়েলের এই মূল্য সমন্বয় করা হয়েছে বলে জানিয়েছে বিইআরসি।