দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানকে ক্রীড়া, সহপাঠ্য ও সাংস্কৃতিক প্রতিযোগিতা আয়োজনের নির্দেশ দিয়েছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি)।
সোমবার (১৫ ডিসেম্বর) অধিদপ্তরের উপপরিচালক প্রফেসর মো. শহিদুল ইসলাম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, শিক্ষার্থীদের শারীরিক, মানসিক ও সৃজনশীল বিকাশে সহপাঠ্যক্রমিক কার্যক্রম একাডেমিক শিক্ষার গুরুত্বপূর্ণ পরিপূরক। এ লক্ষ্যেই শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে নিয়মিত বিভিন্ন প্রতিযোগিতা আয়োজনের নির্দেশনা দেওয়া হয়েছে।
ক্রীড়া প্রতিযোগিতার মধ্যে থাকবে ফুটবল, ভলিবল, দাবা, ক্রিকেট ও দৌড় প্রতিযোগিতা। সহপাঠ্য কার্যক্রমের আওতায় আয়োজন করা হবে বাংলা ও ইংরেজিতে বক্তৃতা, উপস্থিত বক্তৃতা, বিতর্ক, কুইজ এবং দেয়ালিকা তৈরি।
এছাড়া সাংস্কৃতিক প্রতিযোগিতার মধ্যে থাকবে কোরআন তিলাওয়াত, হামদ, নাত, নজরুল সংগীত, রবীন্দ্র সংগীত, লোকগীতি, একক অভিনয়, নৃত্য এবং গ্রাফিতি অঙ্কন।
মাউশি আশা প্রকাশ করেছে, এসব কার্যক্রম শিক্ষার্থীদের প্রতিভা বিকাশে সহায়ক হবে এবং শিক্ষা কার্যক্রমকে আরও প্রাণবন্ত করে তুলবে।