মেহেরপুরের গাংনী উপজেলার তেঁতুলবাড়িয়া সীমান্ত দিয়ে নারী-পুরুষ ও শিশুসহ মোট ৩০ জন বাংলাদেশি নাগরিককে পুশ-ইন করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। বুধবার (৩ ডিসেম্বর) ভোরে তাদের বাংলাদেশের অভ্যন্তরে ঠেলে দেয় ভারতীয় বাহিনী।
বিজিবি জানায়, তেঁতুলবাড়িয়া বিওপির দায়িত্বপূর্ণ এলাকার ১৪০/৬ এস পিলার থেকে প্রায় ১০০ গজ ভেতরে এদের পুশ-ইন করা হয়। পুশ-ইন হওয়া ব্যক্তিরা দেশের বিভিন্ন জেলার বাসিন্দা। পূর্বে তারা দালালের মাধ্যমে ভারতের বিভিন্ন সীমান্ত পথে প্রবেশ করে এবং পরে ভারতীয় পুলিশের হাতে আটক হয়ে কলকাতা কারাগারে ছিলেন। কারাদণ্ড শেষ হওয়ার পর তাদের বাংলাদেশ সীমান্তে পাঠিয়ে দেয় বিএসএফ।
ফেরত পাঠানো ৩০ জনের মধ্যে ১৬ জন পুরুষ, ১০ নারী এবং ৪ শিশু রয়েছে।
গাংনী থানার ওসি বানী ইসরাইল বলেন, আইনগত প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পর পুশ-ইন হওয়া এসব ব্যক্তিকে তাদের স্ব-স্ব পরিবারের কাছে হস্তান্তরের ব্যবস্থা করা হবে।