জম্মু-কাশ্মীরের পেহেলগামে সাম্প্রতিক সন্ত্রাসী হামলার জেরে ভারত ও পাকিস্তানের মধ্যে উত্তেজনা দ্রুত বাড়ছে। একাধিক হুমকি ও পাল্টা হুমকির মধ্য দিয়ে দুই দেশের মধ্যে নতুন করে যুদ্ধের আশঙ্কাও তৈরি হয়েছে। এই সংকটময় পরিস্থিতিতে কাশ্মীর নিয়ে ইসলামাবাদ ও নয়াদিল্লির মধ্যে উত্তেজনা নিরসনে সহায়তার প্রস্তাব দিয়েছে রাশিয়া।
রবিবার (৪ মে) পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দারের সঙ্গে টেলিফোনে আলাপ করেন রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ। পরে পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানায়, রাশিয়া রাজনৈতিক সমাধানে সহায়তা করতে প্রস্তুত এবং এই উত্তেজনাপূর্ণ পরিস্থিতি শান্তিপূর্ণভাবে সমাধানের ওপর গুরুত্ব দিচ্ছে।
রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় টেলিগ্রামে দেওয়া এক বিবৃতিতে বলেছে, “কাশ্মীরের পেহেলগামে ২২ এপ্রিল সংঘটিত সন্ত্রাসী হামলার প্রেক্ষাপটে ভারত ও পাকিস্তানের মধ্যে পারস্পরিক ইচ্ছা থাকলে রাশিয়া রাজনৈতিক সমাধানে প্রস্তুত রয়েছে।”
এই আলোচনার দুদিন আগে রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের সঙ্গেও কথা বলেন এবং শান্তিপূর্ণ সমাধানের আহ্বান জানান।
গত ২২ এপ্রিল জম্মু-কাশ্মীরের পর্যটন অঞ্চল পেহেলগামে সন্ত্রাসী হামলায় কমপক্ষে ২৬ জন নিহত হন। অঞ্চলটি দীর্ঘদিন ধরে ভারত-পাকিস্তানের মধ্যে বিবাদের কেন্দ্রবিন্দু হিসেবে পরিচিত, যেখানে একাধিকবার যুদ্ধ ও বিদ্রোহের ঘটনা ঘটেছে।
উল্লেখ্য, রাশিয়া বহু বছর ধরেই ভারতের প্রধান অস্ত্র সরবরাহকারী এবং সোভিয়েত যুগ থেকে শুরু করে নয়াদিল্লি-মস্কোর মধ্যে রয়েছে ঘনিষ্ঠ কূটনৈতিক সম্পর্ক।