গাজীপুরের কালিয়াকৈরে দুটি কারখানায় শ্রমিক অসন্তোষের ঘটনায় অভিযান চালিয়ে ২৪ জনকে আটক করেছে যৌথ বাহিনী। তাদের বিরুদ্ধে কারখানায় নাশকতা, বিশৃঙ্খলা সৃষ্টিসহ শ্রমিকদের উসকানি দেওয়ার অভিযোগ আছে বলে জানিয়েছে পুলিশ। তবে আটক ব্যক্তিদের নাম পরিচয় প্রকাশ করা হয়নি।
গতকাল রোববার ১৮ জন এবং আজ সোমবার ৬ জনকে আটক করা হয়েছে বলে নিশ্চিত করেছেন কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রিয়াল মাহমুদ।
শিল্প পুলিশ ও শ্রমিকেরা জানান, গতকাল থেকে কালিয়াকৈর উপজেলার মৌচাক এলাকার কোকোলা ফুড প্রোডাক্ট লিমিটেড কারখানার শ্রমিকেরা হাজিরা বোনাস বাৎসরিক ছুটিসহ ১২ দফা দাবি নিয়ে অসন্তোষ দেখা দেয়। এরই জেরে কারখানা কর্তৃপক্ষ অনির্দিষ্টকালের জন্য কারখানাটি বন্ধ ঘোষণা করে। কিন্তু বন্ধ ঘোষণার পরও সোমবার সকালে শ্রমিকেরা কারখানার সামনে অবস্থান করেন। একপর্যায়ে কিছু শ্রমিক কারখানা বন্ধ থাকার পরও কারখানার ভেতরে জোরপূর্বক প্রবেশ করে ভাঙচুর করেন। খবর পেয়ে শিল্প পুলিশ, থানা-পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা ঘটনাস্থলে গিয়ে শ্রমিকদের ধাওয়া করে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। এসময় সেখান থেকে ৬ জনকে আটক করে যৌথ বাহিনী।
খবর পেয়ে সেনাবাহিনী ও শিল্প পুলিশের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে শ্রমিকদের সঙ্গে কথা বলে মহাসড়ক থেকে সরিয়ে দিলে সড়কে যান চলাচল স্বাভাবিক হয়।
আটক ব্যক্তিদের নাম পরিচয় প্রকাশ করা হয়নি। ছবি: ইনডিপেনডেন্ট টেলিভিশনঅন্যদিকে উপজেলার বক্তারপুর এলাকায় ইকু নিটা (সামাহার) কারখানার শ্রমিকেরা গত বৃহস্পতিবার থেকে বেতন বৃদ্ধিসহ কয়েক দফা দাবিতে কারখানায় কাজ বন্ধ রেখে বিক্ষোভ করছিলেন। কারখানা কর্তৃপক্ষ শ্রমিকদের বোঝানোর চেষ্টা করলেও তারা শুনছিলেন না। এসময় তাঁরা কারখানার কয়েকজন কর্মকর্তাকে মারধর করেন।
এদিকে কালিয়াকৈর থানা-পুলিশ, শিল্প পুলিশ ও কারখানার ব্যবস্থাপকের উপস্থিতিতে শ্রমিকদের দাবি নিয়ে আলোচনা করেন। পুলিশের উপস্থিতি ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর আহ্বানের পরও কিছু শ্রমিক নতুন দাবি তুলতে থাকেন এবং কর্মবিরতি চালিয়ে যাওয়ার ঘোষণা দেন। এ সময় উত্তেজিত কিছু শ্রমিক আন্দোলনে যোগ না দেওয়ার অভিযোগে কয়েকজন শ্রমিককে মারধর করেন। এসময় শ্রমিকদের দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়। দুটি এলাকায় কারখানায় শ্রমিক অসন্তোষের ঘটনায় জড়িত থাকার অভিযোগে অভিযান চালিয়ে গতকাল রোববার ১৮ জনকে আটক করা হয়।
গাজীপুর শিল্প পুলিশের (জোন-২) পরিদর্শক নিতাই চন্দ্র সরকার জানান, কারখানা বন্ধ ঘোষণার পরও কিছু উচ্ছৃঙ্খল শ্রমিক কারখানার ভেতরে জোরপূর্বক প্রবেশ করায় সেনাবাহিনীর সদস্যরা ছয়জনকে আটক করেছে। শ্রমিকেরা কিছু সময় ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে অবস্থান নিয়ে অবরোধ সৃষ্টি করেছিল। তবে এখন পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।
কালিয়াকৈর থানার ওসি রিয়াল মাহমুদ বলেন, যৌথ বাহিনীর অভিযানে কারখানায় বিশৃঙ্খলা সৃষ্টির অভিযোগে রোববার ১৮ জন ও সোমবার সকালে ৬ জনকে আটক করা হয়েছে। তাঁদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।







