বাংলাদেশে দ্রুততম সময়ের মধ্যে জাতীয় সংসদ নির্বাচনের রোডম্যাপ ঘোষণার আহ্বান জানিয়ে অস্ট্রেলিয়ার সংসদে একটি গুরুত্বপূর্ণ প্রস্তাব পাস হয়েছে। দেশটির লেবার, লিবারেল ও গ্রিন পার্টির সংসদ সদস্যদের সমর্থনে উত্থাপিত এই প্রস্তাব বাংলাদেশের গণতান্ত্রিক ভবিষ্যৎ নিয়ে আন্তর্জাতিক উদ্বেগের প্রতিফলন বলে মনে করা হচ্ছে।
বুধবার (২৬ মার্চ) বাংলাদেশের স্বাধীনতা দিবস উপলক্ষে অস্ট্রেলিয়ার সংসদের অধিবেশনে এই প্রস্তাব উত্থাপন করা হয়। এতে বলা হয়, বাংলাদেশে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের পরিবেশ নিশ্চিত করা জরুরি। একই সঙ্গে নির্বাচনী সততা, জবাবদিহিতা এবং দুর্নীতিবিরোধী শক্তিশালী ব্যবস্থা গ্রহণের ওপর গুরুত্বারোপ করা হয়।
এনএসডব্লিউ’র সংসদ সদস্য এবিগেইল বয়েড লিখিত বক্তব্যে বলেন, বাংলাদেশের স্বাধীনতা দিবস শুধুমাত্র জাতীয় সার্বভৌমত্ব ও গণতন্ত্রের প্রতীক নয়, বরং ন্যায়বিচার, ঐক্য ও সমতার প্রতিও বাংলাদেশের জনগণের প্রতিশ্রুতির বহিঃপ্রকাশ। তিনি উল্লেখ করেন, স্বাধীনতার ৫৫ বছর পরও দেশটিতে গণতান্ত্রিক কাঠামো শক্তিশালী করতে আন্তর্জাতিক সহযোগিতা প্রয়োজন।
প্রস্তাবে আরও বলা হয়, বাংলাদেশ বর্তমানে রাজনৈতিক সংকট, দুর্নীতি ও নিরাপত্তাহীনতার চ্যালেঞ্জের মুখোমুখি। প্রাক্তন সরকার পতনের পর জনগণের আস্থা পুনরুদ্ধার ও গণতান্ত্রিক শাসনব্যবস্থার পুনর্গঠন অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ প্রেক্ষাপটে আন্তর্জাতিক সম্প্রদায়ের বাংলাদেশের জনগণের পাশে দাঁড়ানো জরুরি বলে উল্লেখ করা হয়।
এবিগেইল বয়েড আরও বলেন, অস্ট্রেলিয়ান সরকারকে বাংলাদেশের গণতান্ত্রিক রূপান্তরের জন্য কার্যকর ভূমিকা রাখতে হবে। নির্বাচনী রোডম্যাপ প্রণয়ন ও একটি নিরপেক্ষ নির্বাচনী ব্যবস্থা নিশ্চিত করার জন্য অস্ট্রেলিয়ার পক্ষ থেকে আহ্বান জানানো হয়।