আজ (১৪ মে) দুপুর থেকে রাত ১টার মধ্যে দেশের অন্তত ১১টি জেলায় ঘণ্টায় ৬০ কিলোমিটার পর্যন্ত বেগে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। একই সঙ্গে এসব এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।
বুধবার দুপুর ২টা থেকে পরবর্তী ১১ ঘণ্টার জন্য দেশের অভ্যন্তরীণ নদীবন্দরসমূহের জন্য দেওয়া এক পূর্বাভাসে এই তথ্য জানানো হয়।
পূর্বাভাসে বলা হয়েছে, রাজশাহী, পাবনা, কুষ্টিয়া, ঢাকা, ময়মনসিংহ, ফরিদপুর, কুমিল্লা, নোয়াখালী, চট্টগ্রাম, কক্সবাজার এবং সিলেট অঞ্চলের উপর দিয়ে পশ্চিম অথবা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা বা ঝড়ো হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে।
এসব ঝড়প্রবণ এলাকার নদীবন্দরসমূহকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। নৌযান ও নৌযাত্রীদের প্রয়োজনীয় সতর্কতা অবলম্বনের পরামর্শ দেওয়া হয়েছে।
এদিকে, দেশের বিভিন্ন অঞ্চলে মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। রাজশাহী, নাটোর, পাবনা, সিরাজগঞ্জ, ঢাকা, টাঙ্গাইল, নারায়ণগঞ্জ, মানিকগঞ্জ, গোপালগঞ্জ, রাজবাড়ী, ফরিদপুর এবং পটুয়াখালী জেলার ওপর দিয়ে এই তাপপ্রবাহ প্রবাহিত হচ্ছে। খুলনা বিভাগের উপর দিয়েও একই ধরনের তাপপ্রবাহ অব্যাহত রয়েছে।
আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, এই তাপপ্রবাহ পরবর্তী কয়েকদিন স্থায়ী হতে পারে। জনসাধারণকে প্রচণ্ড গরম ও ঝড়ো আবহাওয়ার কারণে সাবধানতা অবলম্বনের অনুরোধ জানানো হয়েছে।