ইসরাইল ও যুক্তরাষ্ট্র-এর যৌথ হামলায় ইরানে এখন পর্যন্ত অন্তত ৮৫ জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। এ তথ্য জানিয়েছে ইরানের আধা-সরকারি সংবাদ সংস্থা তাসনিম নিউজ এজেন্সি।
হামলায় দেশটির দক্ষিণাঞ্চলীয় হরমুজগান প্রদেশ-এ ইসরাইলি ক্ষেপণাস্ত্রের আঘাতে একটি প্রাক-প্রাথমিক বালিকা বিদ্যালয় ধ্বংসস্তুপে পরিণত হয়েছে। শনিবার সকালে হামলার সময় বিদ্যালয়টিতে অন্তত ১৭০ জন শিক্ষার্থী উপস্থিত ছিল বলে জানানো হয়েছে। নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
প্রদেশটির মিনাব ও জাসেক এলাকায় পৃথক দুই হামলায় এ হতাহতের ঘটনা ঘটে বলে হরমুজগান মেডিকেলের প্রধান জানিয়েছেন। এছাড়া স্থানীয় একটি সংবাদমাধ্যমের খবরে বলা হয়েছে, রাজধানী তেহরান-এও একটি শিক্ষাপ্রতিষ্ঠানে হামলা চালানো হয়েছে।
তবে ইরানের পক্ষ থেকে দেওয়া হতাহতের তথ্য স্বাধীনভাবে যাচাই করা যায়নি।