পাকিস্তানের জনপ্রিয় টিকটকার সানা ইউসুফকে গুলি করে হত্যা করা হয়েছে। মাত্র ১৭ বছর বয়সী এই তরুণীকে নিজ বাড়ির ভেতরে গুলি করে হত্যা করা হয়।
ঘটনাটি ঘটেছে সোমবার (২ জুন) পাকিস্তানের রাজধানী ইসলামাবাদের জি-১৩ সেক্টরের সুম্বল থানার অন্তর্গত এলাকায়। পাকিস্তানি সংবাদমাধ্যম এক্সপ্রেস ট্রিবিউন জানিয়েছে, চিত্রাল অঞ্চলের বাসিন্দা সানা ইউসুফকে খুব কাছ থেকে গুলি করা হয়।
স্থানীয় পুলিশ জানায়, কে বা কারা সানার বাসায় ঢুকে কাছ থেকে গুলি করে হত্যা করে পালিয়ে গেছে। পুলিশ ধারণা করছে, হত্যাকারী সানার পরিচিত কিংবা অতিথি সেজে ঘরে প্রবেশ করেছিল। ঘটনার পর সানার মরদেহ ময়নাতদন্তের জন্য পাকিস্তান ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্সেস (পিআইএমএস) হাসপাতালে নেওয়া হয়েছে।
এ ঘটনায় তদন্ত শুরু করেছে পুলিশ, তবে এখনও পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি। হত্যার উদ্দেশ্য সম্পর্কে বিস্তারিত কিছু জানা যায়নি।
সানা ইউসুফের এই মর্মান্তিক মৃত্যু পাকিস্তানে সামাজিক মাধ্যমে ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছে। TikTok-সহ বিভিন্ন প্ল্যাটফর্মে তার অনুসারীরা দুঃখ ও ক্ষোভ প্রকাশ করছেন।