জনপ্রিয় অভিনেতা মোশাররফ করিম-কে কলকাতায় হেনস্তা করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। এ সময় তার সঙ্গে স্ত্রী অভিনেত্রী রোবেনা রেজা জুঁই-ও ছিলেন।
মঙ্গলবার (১৬ জুন) প্রবাসী সাংবাদিক জাওয়াদ নির্ঝর একটি ফেসবুক পোস্টে এ তথ্য জানান।
পোস্টে তিনি দাবি করেন, রাত ১০টার দিকে কলকাতার নিউমার্কেট এলাকার কস্তুরি হোটেলের সামনে স্ত্রীসহ হাঁটছিলেন মোশাররফ করিম। এ সময় আওয়ামী লীগ সমর্থিত কিছু ব্যক্তি তাকে লক্ষ্য করে আপত্তিকর মন্তব্য করেন এবং একপর্যায়ে তার দিকে তেড়ে যান।
অভিযোগ অনুযায়ী, পরিস্থিতি একপর্যায়ে হাতাহাতির পর্যায়ে পৌঁছে যায়। পরে ঘটনাস্থলে উপস্থিত কয়েকজন ব্যক্তি এগিয়ে এসে মোশাররফ করিমকে নিরাপদ স্থানে সরিয়ে নেন।
তবে এ ঘটনার বিষয়ে এখন পর্যন্ত মোশাররফ করিম বা তার স্ত্রীর পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি।
এদিকে ঘটনার প্রতিবাদ জানিয়ে জাতীয় নাগরিক পার্টির যুগ্ম সদস্য সচিব রিফাত রশিদ সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট দেন। তিনি ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার দাবি জানান এবং বিষয়টি দুই দেশের সাংস্কৃতিক অঙ্গনের জন্য উদ্বেগজনক বলে মন্তব্য করেন।
ঘটনার সত্যতা ও বিস্তারিত পরিস্থিতি সম্পর্কে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বা অভিনেতার পক্ষ থেকে আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া গেলে বিষয়টি আরও স্পষ্ট হবে।