রয়্যাল সুইডিশ একাডেমি অব সায়েন্সেস মঙ্গলবার (৭ অক্টোবর) ঘোষণা করেছে, এই বছরের পদার্থ বিজ্ঞানের নোবেল পুরস্কার জিতেছেন তিনজন মার্কিন বিজ্ঞানী জন ক্লার্ক, মিশেল এইচ. ডেভোরেট এবং জন এম. মার্টিনিস। তারা ইউনিভার্সিটি অব ক্যালিফোর্নিয়ার গবেষক।
তাদের গবেষণার বিষয়: বৈদ্যুতিক বর্তনীর মধ্যে স্থূল কোয়ান্টাম যান্ত্রিক টানেলিং এবং শক্তির কোয়ান্টাইজেশন আবিষ্কার। নোবেলজয়ীরা পাবেন একটি নোবেল মেডেল, একটি সনদপত্র এবং ১ কোটি ১০ লাখ সুইডিশ ক্রোনা, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ১৪ কোটি ২০ লাখ টাকার সমান। এই বিভাগে একাধিক বিজয়ী থাকলে অর্থ সমান ভাগে ভাগ করা হয়।
এর আগে সোমবার (৬ অক্টোবর) চিকিৎসা ক্ষেত্রে নোবেল বিজয়ীদের নাম ঘোষণা করা হয়েছিল। এ বছর চিকিৎসার নোবেল যৌথভাবে পেয়েছেন ম্যারি ই. ব্রুনকো, ফ্রেড রামসডেল ও শিমন সাকাগুচি। তারা মানবদেহের রোগপ্রতিরোধ ব্যবস্থার কার্যপ্রণালী বিষয়ে গুরুত্বপূর্ণ গবেষণার জন্য এই সম্মাননা অর্জন করেছেন।