পৃথিবীর স্থলভাগে উদ্ভিদের বিস্তার পূর্বধারণার তুলনায় অনেক আগেই ঘটেছিল এবং তা বৈশ্বিক পরিবেশে বড় পরিবর্তন ঘটায়—এমন তথ্য উঠে এসেছে নতুন এক আন্তর্জাতিক গবেষণায়। গবেষণাটির নেতৃত্ব দেন চীনা বিজ্ঞান একাডেমি-এর ইনস্টিটিউট অব জিওলজি অ্যান্ড জিওফিজিক্স বিভাগের গবেষক চাও মিংইয়ু।
গবেষণায় নতুন ভূ-রাসায়নিক প্রমাণ বিশ্লেষণ করে দেখা গেছে, প্রায় ৪৫ কোটি ৫০ লাখ থেকে ৪৪ কোটি ৫০ লাখ বছর আগে প্রাথমিক উদ্ভিদ স্থলভাগে বিস্তার লাভ করে। এর আগে ধারণা করা হয়েছিল, এ ঘটনা প্রায় ৪২ কোটি বছর আগে ঘটেছিল।
গবেষণা কাজে সহযোগিতা করে ইয়েল ইউনিভার্সিটি, ইউনিভার্সিটি অব এক্সেটার, ইউনিভার্সিটি অব লিডস, ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি অব চায়নাসহ বিভিন্ন প্রতিষ্ঠান। গবেষণার ফলাফল প্রকাশিত হয়েছে বিজ্ঞান সাময়িকী Nature-এ।
গবেষকদের মতে, স্থলজ উদ্ভিদ থেকে উৎপন্ন জৈব পদার্থে জৈব কার্বন ও ফসফরাসের অনুপাত সামুদ্রিক জীবের তুলনায় বেশি। স্থলে উদ্ভিদের বিস্তারের ফলে সালোকসংশ্লেষণ বাড়ে এবং বিপুল পরিমাণ জৈব পদার্থ নদীপথে সমুদ্রে পৌঁছে পলি আকারে জমা হয়। এ প্রক্রিয়ার ফলে সমুদ্রের পলিতে জৈব কার্বন–ফসফরাস অনুপাত দ্রুত বৃদ্ধি পায়, যা স্থলজ উদ্ভিদের কার্যকলাপের গুরুত্বপূর্ণ সূচক হিসেবে ব্যবহৃত হয়েছে।
গবেষণায় দেখা গেছে, লেট অর্ডোভিশিয়ান যুগে সমুদ্রের পলিতে জমা মোট জৈব কার্বনের প্রায় ৪২ শতাংশ স্থল উৎস থেকে এসেছে—যা বর্তমান সময়ের আনুমানিক ৩০ থেকে ৫৭ শতাংশের কাছাকাছি।
গবেষকদের ধারণা, প্রাথমিক স্থলজ উদ্ভিদের উত্থান পৃথিবীর পৃষ্ঠে অক্সিডেশন প্রক্রিয়া উল্লেখযোগ্যভাবে পরিবর্তন করে এবং লেট অর্ডোভিশিয়ান বরফ যুগ ও পরবর্তী বৃহৎ জীববৈচিত্র্য বিলুপ্তির পেছনেও ভূমিকা রাখতে পারে।