পূর্ব শত্রুতার জের ধরে চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলায় প্রায় ১০০টি গাছ কেটে ফেলা হয়েছে এবং তিনটি নারকেল গাছ থেকে নারকেল লুট করা হয়েছে।
শুক্রবার (১৯ সেপ্টেম্বর) দুপুর ৩টার দিকে হাজীগঞ্জ উপজেলার কালচোঁ দক্ষিণ ইউনিয়নের খান বাড়িতে এ ঘটনা ঘটে।
ভুক্তভোগীদের অভিযোগ, লালন খান ও মজিব খানের নেতৃত্বে ৩০-৪০ জনের একদল সন্ত্রাসী দেশীয় অস্ত্র নিয়ে এই হামলা চালায়। তারা বিভিন্ন জাতের গাছ, যেমন – মেহগনি, কদম, আম, কাঁঠাল, পেঁপে, এবং আমড়া গাছ কেটে ফেলে। এছাড়াও, তিনটি নারকেল গাছ থেকে প্রায় ১৫০টি নারকেল লুট করা হয়।
ভুক্তভোগী আব্দুল লতিফ, মাওলানা আব্দুল কুদ্দুস, এবং মিজানুর রহমান জানান, জুমার নামাজের পর হঠাৎ করেই এই হামলা চালানো হয়। হামলাকারীরা অশ্লীল ভাষায় গালাগাল করে এবং প্রাণনাশের হুমকি দেয়। ভুক্তভোগীরা নিজেদের নিরাপত্তার জন্য প্রশাসনের কাছে সহযোগিতা চেয়েছেন।
এ ঘটনার পর আব্দুল লতিফ বাদী হয়ে হাজীগঞ্জ থানায় একটি অভিযোগ দায়ের করেন। অভিযোগের ভিত্তিতে শনিবার (২০ সেপ্টেম্বর) হাজীগঞ্জ থানার এসআই সাজ্জাদ হোসেন ঘটনাস্থল পরিদর্শন করেন।
এ বিষয়ে অভিযুক্ত লালন খানের সাথে যোগাযোগ করা হলে তিনি ঘটনাটি অস্বীকার করেন।