বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার চিকিৎসায় বিশেষায়িত সহায়তা দিতে যুক্তরাজ্য থেকে আগত বিশেষজ্ঞ চিকিৎসক দল রাজধানীর এভারকেয়ার হাসপাতালে পৌঁছেছে। দলের নেতৃত্বে আছেন বিখ্যাত বিশেষজ্ঞ ডা. রিচার্ড বিলি।
বুধবার (৩ ডিসেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে ঢাকায় এসে পৌঁছানোর পর তিনি সরাসরি এভারকেয়ার হাসপাতালে যান। বিষয়টি নিশ্চিত করেছেন খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক ডা. আল মামুন।
চিকিৎসক সূত্রে জানা গেছে, বর্তমানে বেগম খালেদা জিয়ার অবস্থা স্থিতিশীল হলেও আরও উন্নত, বিস্তৃত এবং বহুমাত্রিক চিকিৎসা নিশ্চিত করতে অতিরিক্ত বিদেশি বিশেষজ্ঞ মতামতের প্রয়োজন অনুভব করেন মেডিকেল বোর্ড। সে কারণে যুক্তরাজ্য ও চীন থেকে বিশেষজ্ঞ দলকে আমন্ত্রণ জানানো হয়।
বিএনপির মিডিয়া উইংয়ের কর্মকর্তা শায়রুল কবির খান জানান, বিদেশি চিকিৎসকদের অংশগ্রহণে বেগম জিয়ার চিকিৎসায় নতুন দিকনির্দেশনা পাওয়া যাবে বলে আশা করা হচ্ছে। ইতোমধ্যে খালেদা জিয়ার সকল মেডিকেল রিপোর্ট বিদেশি চিকিৎসকদের সঙ্গে শেয়ার করা হয়েছে।
গত ২৩ নভেম্বর থেকে খালেদা জিয়া এভারকেয়ার হাসপাতালে ভর্তি রয়েছেন। তার চিকিৎসায় দেশি-বিদেশি বিশেষজ্ঞ নিয়ে গঠিত বড় আকারের মেডিকেল বোর্ড কাজ করছে। ২৭ নভেম্বর থেকে তিনি হাসপাতালের ক্রিটিক্যাল কেয়ার ইউনিটে চিকিৎসাধীন।