ভারত থেকে অবৈধভাবে বাংলাদেশে প্রবেশের সময় কুড়িগ্রামের রৌমারী ও ভূরুঙ্গামারী সীমান্ত এলাকা থেকে ৪৪ জনকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
বুধবার (৭ মে) ভোররাতে রৌমারী উপজেলার বিভিন্ন সীমান্ত এলাকা ও ভূরুঙ্গামারীর ভাওয়ালকুরি সীমান্ত দিয়ে এসব ব্যক্তি বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশ করেন। স্থানীয়দের সন্দেহ হলে তারা ঘোরাঘুরির সময় আটক করে বিজিবির কাছে হস্তান্তর করেন।
রৌমারী সীমান্তে আটক হন ৩০ জন এবং ভূরুঙ্গামারীতে আটক হন আরও ১৪ জন। রৌমারীতে আটক ব্যক্তিদের মধ্যে ৮ জন বাংলাদেশি নাগরিক বলে প্রাথমিকভাবে শনাক্ত করা গেছে। বাকিদের পরিচয় যাচাই করছে বিজিবি, ধারণা করা হচ্ছে এদের অনেকেই রোহিঙ্গা।
রৌমারী থানার অফিসার ইনচার্জ (ওসি) লুৎফর রহমান বলেন, “ভারত থেকে অবৈধভাবে ৩০ জন বাংলাদেশে পুশইন করা হয়েছে। প্রাথমিক তথ্যে ধারণা করা হচ্ছে, এর মধ্যে অন্তত ২২ জন রোহিঙ্গা।”
কুড়িগ্রাম ২২ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ মাহবুব উল হক জানান, ভূরুঙ্গামারীর ভাওয়ালকুরি সীমান্ত এলাকা থেকে ১৪ জনকে আটক করা হয়েছে, যাদের মধ্যে ৮ জন নারী ও শিশু রয়েছে এবং তারা সবাই রোহিঙ্গা বলে ধারণা করা হচ্ছে।
এ বিষয়ে বিজিবির পক্ষ থেকে আনুষ্ঠানিক তদন্ত ও যাচাই-বাছাই অব্যাহত রয়েছে।