প্রাথমিকভাবে বাংলাদেশে বসার কথা থাকলেও শেষ পর্যন্ত মালদ্বীপেই হচ্ছে এবারের সাফ চ্যাম্পিয়নশিপ। অক্টোবরের প্রথম দুই সপ্তাহে মাঠে গড়াবে দক্ষিণ এশিয়ার সর্বোচ্চ এই আসর। তার আগেই রয়েছে আন্তর্জাতিক বিরতি। ফিফা উইন্ডোতে তিনটি ম্যাচ খেলার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ। সাফের আগে এই তিন ম্যাচকে প্রস্তুতি হিসেবেই দেখছনে বাফুফে সভাপতি কাজী মো. সালাউদ্দিন।
শনিবার (১৪ আগস্ট) মতিঝিলে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) কার্যালয়ে সাংবাদিকদের মুখোমুখি হন সালাউদ্দিন।
যে তিনটি ম্যাচ খেলবে সেখানে প্রতিপক্ষ হিসেবে থাকবে কিরগিজস্তান, ফিলিস্তিন ও কিরগিজদের অনুর্ধ্ব-২৩ দল। প্রতিটি ম্যাচই বসবে কিরগিজস্তানের রাজধানী বিশকেকে।
বাফুফে প্রধান বলেন, ‘সাফের দল গুলো থেকে ওরা বেশি শক্তিশালি। আর শক্তিশালি দল গুলোর সঙ্গে খেলার পর সাফে ভাল পার্ফরমেন্স আশা করছি।’
আগামী ৫ সেপ্টেম্বর কিরগিজস্তানের মাটিতে ফিলিস্তিনের সঙ্গে প্রথম ম্যাচটি খেলবে লাল-সবুজরা। একই ভেন্যুতে ৭ সেপ্টেম্বর কিরগিজস্তান জাতীয় দল ও ৯ সেপ্টেম্বর কিরগিজ অনূর্ধ্ব-২৩ দলের মুখোমুখি হবে জামাল ভূঁইয়ার দল।
কঠিন প্রতিপক্ষ হলেও ম্যাচ গুলোর ফলাফল নিয়ে চিন্তিত নন সালাউদ্দিন। তিনি মনে করেন হার-জিত থাকবেই, সমালোচনাও হবে তবে পিছু হটা যাবে না।
‘হারলে সমালোচনা হবেই। তবু পিছু হটব না। আমরা শক্তিশালী দলের সঙ্গেই খেলব এবং ভালো খেলার চেষ্টা করব’