ইস্টার সানডে উপলক্ষে রাশিয়া ইউক্রেনে সাময়িক যুদ্ধবিরতি ঘোষণা করেছে। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন শনিবার এক টেলিভিশন ভাষণে জানান, মানবিক বিবেচনায় মস্কো সময় শনিবার সন্ধ্যা ৬টা থেকে সোমবার রাত ১২টা পর্যন্ত সামরিক অভিযান বন্ধ থাকবে।
এর আগে চিফ অব স্টাফ ভ্যালেরি গেরাসিমভের সঙ্গে এক বৈঠকে পুতিন এ সিদ্ধান্ত নেন। তিনি বলেন, ‘এই সময়ের জন্য আমি সমস্ত সামরিক পদক্ষেপ বন্ধ রাখার নির্দেশ দিয়েছি।’ তবে, তিনি বাহিনীকে সতর্ক করে বলেন, কেউ যুদ্ধবিরতি ভঙ্গ করলে তার জন্য ব্যবস্থা নেওয়া হবে।
ইউক্রেন এ যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে কি না, সে বিষয়ে এখনো কোনো আনুষ্ঠানিক তথ্য পাওয়া যায়নি।
প্রসঙ্গত, খ্রিষ্টান সম্প্রদায়ের জন্য এপ্রিল মাসে ইস্টারসহ বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ ধর্মীয় দিন রয়েছে। এ বছর ২০ এপ্রিল রোববার পালিত হচ্ছে ইস্টার সানডে, যেটি প্রভু যিশুর পুনরুত্থান উদযাপনের দিন।
উল্লেখ্য, ২০২২ সালের ফেব্রুয়ারিতে শুরু হওয়া রাশিয়া-ইউক্রেন যুদ্ধ এখন চতুর্থ বছরে গড়িয়েছে। সম্প্রতি যুদ্ধবিরতি নিয়ে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় আলোচনা শুরু হয়েছে। তবে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হুঁশিয়ারি দিয়ে বলেছেন, যদি দুই পক্ষ যুদ্ধ শেষ করা অতিমাত্রায় কঠিন করে তোলে, তাহলে যুক্তরাষ্ট্র তার প্রচেষ্টা থেকে পিছিয়ে আসতে পারে।