বিএনপি-জামায়াত জোটের সমালোচনা করে কৃষিমন্ত্রী ড. মো. আব্দুর রাজ্জাক বলেছেন, হেফাজতে ইসলামের কাঁধে ভর করে বিএনপি-জামায়াত আবারও ক্ষমতায় আসতে চাচ্ছে, দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করতে চাচ্ছে। সরকারের পতন ঘটাতে চাচ্ছে। আমরা এটাকে রাজনৈতিকভাবে মোকাবিলা করব।
তিনি বলেন, সরকার মানুষের জীবন ও সম্পদের নিরাপত্তা নিশ্চিত করতে কঠোর অবস্থান নিয়েছে। ইনশাআল্লাহ, তাদের বাংলার মাটি থেকে নির্মূল করা হবে।
শুক্রবার হবিগঞ্জ জেলার বানিয়াচং উপজেলার যাত্রাপাশা গ্রামে হাওরে ‘বোরো ধান কর্তন উৎসব’ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে আব্দুর রাজ্জাক এসব কথা বলেন। বানিয়াচং উপজেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারণ বিভাগ এ অনুষ্ঠানের আয়োজন করে।
আওয়ামী লীগ সভাপতিমণ্ডলীর এই সদস্য আরও বলেন, হেফাজতের শিকড় যত গভীরেই হউক, তার মূল উৎপাটন করা হবে। আমরা যেমন আন্তর্জাতিক অপরাধ আদালতের মাধ্যমে যুদ্ধাপরাধীদের বিচার করেছি, তেমনিভাবে তাদের (হেফাজত) বাংলার মাটিতে কাঠগড়ায় দাঁড় করানো হবে এবং বিচার করা হবে।
এ সময় কৃষিমন্ত্রী বলেন, হাওরে বোরো ধানের উৎপাদন বাড়াতে বর্তমান সরকার নানামুখী কর্মসূচির গ্রহণ করেছে। হাওরে সেচ সুবিধা বাড়াতে খাল খনন করা হচ্ছে এবং ধানের উৎপাদন বাড়াতে উন্নত জাতের বীজ, সার, কীটনাশকসহ কৃষকদের অন্যান্য সুযোগ সুবিধা দেওয়া হচ্ছে।
মন্ত্রী আরও বলেন, এমন দাম দিব যাতে কৃষকরা খরচ তুলেও লাভ করতে পারে। কৃষক যাতে এক হাজার টাকার কম না পায় সেই দামে আমরা ১৪ লাখ টন ধান কিনব। এবারের মৌসুমে সফলভাবে বোরো ধান ঘরে তুলতে পারলে করোনাকালেও দেশে খাদ্যের কোনো সংকট হবে না বলেও জানান তিনি।
হবিগঞ্জের জেলা প্রশাসক ইশরাত জাহানের সভাপতিত্বে অনুষ্ঠানে স্থানীয় সংসদ সদস্য অ্যাডভোকেট মো. আবু জাহির, কৃষি মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মো. মেসবাহুল ইসলাম, বিএডিসির চেয়ারম্যান ড. অমিতাভ সরকার, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মহাপরিচালক মো. আসাদুল্লাহ, ব্রির ডিজি ড. মো. শাহজাহান কবীর, পুলিশ সুপার মোহাম্মদ উল্যা, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর হবিগঞ্জের উপপরিচালক মো. তমিজ উদ্দিন খান, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আলমগীর চৌধুরী প্রমুখ বক্তব্য দেন।
স্বাস্থ্যবিধি মেনে সবাইকে ধান কাটায় এগিয়ে আসার ও এ বিষয়ে যার যার অবস্থান থেকে সহযোগিতার জন্য সবার প্রতি আহ্বান জানান কৃষিমন্ত্রী।