অবকাশকালীন ছুটি শেষে আজ রোববার (২৫ অক্টোবর) স্বাভাবিক বিচারিক কার্যক্রমে ফিরছে দেশের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্ট।
গত ১৬ সেপ্টেম্বর থেকে ২৪ অক্টোবর পর্যন্ত অবকাশ ও সরকারি ছুটির কারণে সুপ্রিম কোর্টে নিয়মিত বিচারিক কার্যক্রম বন্ধ ছিল। আজ থেকে আদালতের স্বাভাবিক কার্যক্রম শুরু হচ্ছে।
ইতোমধ্যে হাইকোর্ট বিভাগে বিচারকাজ পরিচালনার জন্য সুনির্দিষ্ট বিচারিক এখতিয়ার দিয়ে ৫৭টি বেঞ্চ গঠন করেছেন প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী।
শনিবার সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী, গঠিত ৫৭টি বেঞ্চের মধ্যে দুই বিচারপতির সমন্বয়ে ৩৮টি দ্বৈত বেঞ্চ এবং একজন বিচারপতির সমন্বয়ে ১৯টি একক বেঞ্চ রয়েছে।
অবকাশকালীন ছুটির পর প্রথম কার্যদিবসে আজ সকাল সাড়ে ৯টা থেকে বেলা সাড়ে ১২টা পর্যন্ত সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে প্রধান বিচারপতি ও আপিল বিভাগ এবং হাইকোর্ট বিভাগের বিচারপতিদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হবে। এতে অ্যাটর্নি জেনারেল, সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি ও সম্পাদকসহ আইনজীবীরা অংশ নেবেন।
এ উপলক্ষে আজ সুপ্রিম কোর্টের আপিল বিভাগের ১ নম্বর আদালতের বিচারিক কার্যক্রম বন্ধ থাকবে। অন্যদিকে, নতুন বেঞ্চগুলোতে বেলা আড়াইটায় হাইকোর্ট বিভাগের বিচারিক কার্যক্রম শুরু হবে।