দেশের ইউনিয়ন পরিষদ পুনর্গঠন ও বিভক্তকরণ কার্যক্রম পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত স্থগিত করেছে সরকার। নির্বাচনকালীন প্রশাসনিক প্রস্তুতি, ভোটার তালিকা হালনাগাদ এবং সীমানা নিয়ে সম্ভাব্য জটিলতা এড়াতে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
রোববার (২৫ অক্টোবর) স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগের ইউপি-১ শাখা থেকে এ-সংক্রান্ত নির্দেশনা জারি করা হয়।
নির্দেশনায় দেশের সব জেলা প্রশাসককে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ইউনিয়ন পরিষদ পুনর্গঠন ও বিভক্তকরণ কার্যক্রম স্থগিত রাখার অনুরোধ জানানো হয়েছে। পাশাপাশি বিভাগীয় কমিশনার, স্থানীয় সরকারের উপপরিচালক এবং উপজেলা নির্বাহী কর্মকর্তাসহ সংশ্লিষ্ট কর্মকর্তাদের অবগতির জন্য নির্দেশনার অনুলিপি পাঠানো হয়েছে।
নির্দেশনায় বলা হয়েছে, স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) আইন, ২০০৯-এর ১১ ধারা অনুযায়ী ইউনিয়ন পরিষদ বিভক্তকরণের নীতিমালা এবং ইউনিয়ন পরিষদ পুনর্গঠন ও বিভক্তকরণ-সংক্রান্ত সব কার্যক্রম পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত স্থগিত রাখতে হবে।
এ ক্ষেত্রে ২০১৩ সালের ১৬ সেপ্টেম্বর জারি করা ইউনিয়ন পরিষদ বিভক্তকরণ নীতিমালাসংক্রান্ত স্মারক এবং ২০১৪ সালের ৯ ডিসেম্বর জারি করা ইউনিয়ন পরিষদ পুনর্গঠন ও বিভক্তকরণসংক্রান্ত স্মারকের আলোকে পরিচালিত কার্যক্রমও স্থগিত রাখার কথা বলা হয়েছে।
স্থানীয় সরকার বিভাগের নির্দেশনায় বলা হয়েছে, নির্বাচনকালীন প্রশাসনিক প্রস্তুতি, ভোটার তালিকা হালনাগাদ এবং ইউনিয়ন পরিষদের সীমানা নিয়ে সম্ভাব্য জটিলতা এড়ানোর লক্ষ্যে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পরবর্তী নির্দেশনা জারি না হওয়া পর্যন্ত এ স্থগিতাদেশ কার্যকর থাকবে।