ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নানা অব্যবস্থাপনা, ময়লার ভাগাড়ে ক্যানুলা, সিরিঞ্জসহ চিকিৎসা সরঞ্জাম পড়ে থাকা এবং চিকিৎসক-নার্সদের সময়মতো কর্মস্থলে উপস্থিত না হওয়ার ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন স্বাস্থ্যমন্ত্রী সর্দার সাখাওয়াত হোসেন বকুল। এসব ঘটনায় দ্রুত তদন্ত করে প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দিয়েছেন তিনি। পাশাপাশি দায়িত্বে অবহেলার প্রমাণ পাওয়া গেলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছেন মন্ত্রী।
শনিবার (২৪ অক্টোবর) দুপুরে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল আকস্মিক পরিদর্শনে গিয়ে এসব অব্যবস্থাপনা দেখতে পান স্বাস্থ্যমন্ত্রী।
পরিদর্শনকালে তিনি হাসপাতালের লেবার ওয়ার্ড, হাম আইসোলেশন ওয়ার্ড ও ডেঙ্গু ওয়ার্ড ঘুরে দেখেন। এ সময় রোগীদের চিকিৎসাসেবা, ওয়ার্ডের পরিবেশ এবং ওয়াশরুমের অবস্থা তদারকি করেন। হাসপাতালের নতুন ভবনের নিচতলায় ময়লা-আবর্জনা পড়ে থাকতে দেখে ক্ষোভ প্রকাশ করেন তিনি।
হাসপাতালের ব্যবহৃত ক্যানুলা, সিরিঞ্জ ও বিভিন্ন চিকিৎসা সরঞ্জাম ময়লার ভাগাড়ে পড়ে থাকার ঘটনায় উদ্বেগ প্রকাশ করে মন্ত্রী দ্রুত তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দেন। একই সঙ্গে চিকিৎসক, নার্স ও অন্যান্য কর্মীদের সময়মতো কর্মস্থলে উপস্থিত না হওয়ার বিষয়েও অসন্তোষ জানান তিনি। দায়িত্বে অবহেলার প্রমাণ পাওয়া গেলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলে জানান স্বাস্থ্যমন্ত্রী।
হাসপাতালের গাইনি ওয়ার্ডে এক রোগীকে বাইরে থেকে স্যালাইন কিনে আনতে হয়েছে কেন, তা জানতে চান মন্ত্রী। এ ঘটনায় হাসপাতাল কর্তৃপক্ষকে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন তিনি। পাশাপাশি ওই রোগীকে স্যালাইন কেনার জন্য এক হাজার টাকা সহায়তা করেন।
এ ছাড়া হাসপাতালে অগ্নিকাণ্ডের এক মাস পেরিয়ে গেলেও তদন্ত প্রতিবেদন জমা না দেওয়ার কারণ জানতে চান স্বাস্থ্যমন্ত্রী। এ সময় ছুটির কারণে প্রতিবেদন জমা দিতে দেরি হয়েছে বলে তাঁকে জানানো হয়।
এর আগে শনিবার সকালে আকস্মিক পরিদর্শনে জেলার ফুলপুর ও তারাকান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে যান স্বাস্থ্যমন্ত্রী। এ সময় তিনি উপজেলা পর্যায়ে স্বাস্থ্যসেবার মানোন্নয়ন ও অবকাঠামো উন্নয়নের বিভিন্ন পরিকল্পনার কথা তুলে ধরেন।
মন্ত্রী জানান, ফুলপুর ও তারাকান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সকে ১৫১ শয্যায় উন্নীত করার পরিকল্পনা রয়েছে। আগামী ১৫ থেকে ২০ দিনের মধ্যে দেশের স্বাস্থ্য খাতে বড় পরিসরে দরপত্র আহ্বান করা হবে বলেও জানান তিনি। তাঁর ভাষ্য অনুযায়ী, এ খাতে প্রায় ১৬ হাজার কোটি টাকার দরপত্র আহ্বান করা হবে।
এ ছাড়া পুরোনো কমিউনিটি ক্লিনিকগুলোকে পর্যায়ক্রমে ফ্যামিলি ওয়েলবিং সেন্টারে রূপান্তর এবং এসব প্রতিষ্ঠানে প্রয়োজনীয় ওষুধ সরবরাহের উদ্যোগ নেওয়া হবে বলে জানান স্বাস্থ্যমন্ত্রী।
পরিদর্শনকালে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল জাকির হোসেন, ময়মনসিংহ উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান মোতাহার হোসেন তালুকদার, বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. প্রদীপ কুমার সাহা, জেলা প্রশাসক সাইফুর রহমান ও জেলা পুলিশ সুপার মোহাম্মদ কামরুল হাসানসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।