হাইকোর্ট বিভাগের বিচারকার্য পরিচালনার জন্য সুনির্দিষ্ট বিচারিক এখতিয়ার দিয়ে ৫৭টি বেঞ্চ গঠন করেছেন প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী। এসব বেঞ্চের মধ্যে দুই বিচারপতির সমন্বয়ে ৩৮টি দ্বৈত বেঞ্চ এবং একজন বিচারপতির সমন্বয়ে ১৯টি একক বেঞ্চ রয়েছে।
শনিবার সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তি অনুযায়ী, অবকাশকালীন ছুটি শেষে আগামীকাল রোববার (২৫ অক্টোবর) থেকে সুপ্রিম কোর্টের নিয়মিত বিচারিক কার্যক্রম শুরু হচ্ছে। নতুন গঠিত বেঞ্চগুলোতে রোববার বেলা আড়াইটায় হাইকোর্ট বিভাগের বিচারিক কার্যক্রম শুরু হবে।
এদিকে, অবকাশের পর প্রথম কার্যদিবসে সকাল সাড়ে ৯টা থেকে বেলা সাড়ে ১২টা পর্যন্ত সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে প্রধান বিচারপতি ও আপিল বিভাগ ও হাইকোর্ট বিভাগের বিচারপতিদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হবে। এতে অ্যাটর্নি জেনারেল, সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি ও সম্পাদক এবং আইনজীবীরা অংশ নেবেন।
এ উপলক্ষে রোববার (২৫ অক্টোবর) সুপ্রিম কোর্টের আপিল বিভাগের ১ নম্বর কোর্টের বিচারিক কার্যক্রম বন্ধ থাকবে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।
গত ১৬ সেপ্টেম্বর থেকে ২৪ অক্টোবর পর্যন্ত অবকাশকালীন ছুটি ও সরকারি ছুটির কারণে সুপ্রিম কোর্টে নিয়মিত বিচারিক কার্যক্রম বন্ধ ছিল। ছুটি শেষে আগামীকাল থেকে আদালতের স্বাভাবিক কার্যক্রমে ফিরছে সুপ্রিম কোর্ট।