ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী শরিফ ওসমান হাদির চিকিৎসায় যুক্ত চিকিৎসকদের হুমকি-ধমকি দেওয়া হচ্ছে বলে অভিযোগ করেছেন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের নিউরো সার্জিক্যাল টিমের সদস্য ডা. আব্দুল আহাদ।
রোববার (১৪ ডিসেম্বর) দুপুরে রাজধানীর এভারকেয়ার হাসপাতালের সামনে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে তিনি এসব তথ্য জানান।
ডা. আব্দুল আহাদ বলেন, শরিফ ওসমান হাদির মস্তিষ্কের ক্ষত অত্যন্ত গভীর এবং এখনো তার শারীরিক অবস্থা আশঙ্কামুক্ত নয়। লাইফ সাপোর্টের মাধ্যমে শরীরের অন্যান্য অঙ্গ-প্রত্যঙ্গের কার্যকারিতা বজায় রাখা হচ্ছে। এ সময় তিনি দেশবাসীর কাছে হাদির সুস্থতার জন্য দোয়া কামনা করেন।
চিকিৎসকরা নিরাপত্তাহীনতায় ভুগছেন উল্লেখ করে তিনি বলেন, হাদির চিকিৎসার সঙ্গে যুক্ত চিকিৎসকদের বিভিন্ন মাধ্যমে হুমকি দেওয়া হচ্ছে। ধারাবাহিকভাবে ভারত থেকে ফোন করে হুমকি দেওয়া হচ্ছে, ব্যক্তিগত মোবাইল নম্বর প্রকাশ করে বিভিন্ন গ্রুপে ছড়িয়ে দেওয়া হচ্ছে। এমনকি চিকিৎসকদের পরিবার ও বাসার অবস্থান ট্র্যাক করার চেষ্টাও করা হচ্ছে বলে অভিযোগ করেন তিনি।
প্রেস ব্রিফিংয়ে ডা. আব্দুল আহাদ আরও বলেন, শরিফ ওসমান হাদিকে অত্যন্ত নিখুঁতভাবে মাথায় গুলি করা হয়েছে। গুলি ডান দিক দিয়ে ঢুকে বাম দিক দিয়ে বেরিয়ে গেছে। তবে মস্তিষ্কের ভেতরে এখনো গুলির একটি অংশ রয়ে গেছে, যা অত্যন্ত স্পর্শকাতর রক্তনালির কাছাকাছি অবস্থানে রয়েছে।
চিকিৎসকদের নিরাপত্তা নিশ্চিত করার বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেন তিনি।