চট্টগ্রাম-৮ আসনে বিএনপি মনোনীত প্রার্থী এরশাদ উল্লাহর নির্বাচনী প্রচারণা অনুষ্ঠানে সহিংস হামলার ঘটনায় অন্তর্বর্তীকালীন সরকার কঠোর নিন্দা জানিয়েছে।
আজ রাতে প্রকাশিত এক সরকারি বিবৃতিতে জানানো হয়েছে, চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি) প্রাথমিক তদন্তে নিশ্চিত করেছে, এরশাদ উল্লাহ এই হামলার মূল লক্ষ্য ছিলেন না। তবে একটি বিচ্ছিন্ন গুলিতে তিনি আহত হয়েছেন। সরকারের পক্ষ থেকে তাঁর দ্রুত আরোগ্য কামনা করা হয়েছে এবং ঘটনার পূর্ণাঙ্গ তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে।
বিবৃতিতে আরও বলা হয়েছে, সরকার এই অপরাধমূলক ঘটনার বিষয়ে গভীর উদ্বেগ প্রকাশ করছে এবং গণতান্ত্রিক প্রক্রিয়ায় অংশগ্রহণকারী সব প্রার্থী ও নাগরিকের নিরাপত্তা ও অধিকার সুরক্ষায় অটল প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করছে।
প্রধান উপদেষ্টা নিরাপত্তা বাহিনীকে হামলাকারীদের শনাক্ত ও আটক করতে কোনো শিথিলতা না রাখতে নির্দেশ দিয়েছেন। হামলাকারীদের গ্রেপ্তারে সিএমপি ইতোমধ্যেই অভিযান শুরু করেছে। বিবৃতিতে বলা হয়েছে, রাজনৈতিক ও সামাজিক জীবনে সহিংসতা ও ভয়ভীতি প্রদর্শনের কোনো স্থান নেই।
অন্তর্বর্তীকালীন সরকার সব রাজনৈতিক দল ও তাদের সমর্থকদের শান্ত ও সংযমী থাকতে আহ্বান জানিয়েছে এবং আগামী ফেব্রুয়ারির জাতীয় নির্বাচন শান্তিপূর্ণ, মর্যাদাপূর্ণ ও ন্যায়সংগত পরিবেশে সম্পন্ন করার জন্য সকল সহায়তা করতে বলেছে।
বিবৃতিতে আরও উল্লেখ করা হয়েছে, সরকার নিজ দায়িত্বে অবাধ, সুষ্ঠু, গ্রহণযোগ্য ও উৎসবমুখর নির্বাচন নিশ্চিত করতে প্রয়োজনীয় সব ব্যবস্থা গ্রহণ করবে।