জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)র আহ্বায়ক নাহিদ ইসলাম জানিয়েছেন, দেশের ৩০০টি আসনেই প্রার্থী দেওয়ার পরিকল্পনা চূড়ান্ত করেছে তার দল। তবে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার প্রতি শ্রদ্ধা জানিয়ে তার নির্বাচনী আসনগুলোতে কোনো প্রার্থী না দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে এনসিপি।
বুধবার সকালে নারায়ণগঞ্জের গোদনাইলে প্রয়াত জুলাইযোদ্ধা গাজী সালাউদ্দিনের পরিবারের সঙ্গে সাক্ষাৎকালে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন তিনি।
নাহিদ ইসলাম বলেন, বর্তমানে রাজনীতিতে পেশিশক্তি, কালো টাকা ও স্থানীয় গডফাদারগিরির অপসংস্কৃতি প্রতিষ্ঠিত হয়েছে। এই সংস্কৃতিকে চ্যালেঞ্জ করতেই এনসিপি সাধারণ ও খেটে খাওয়া মানুষের প্রতিনিধি দাঁড় করাতে চায়।
তিনি আরও বলেন, নির্বাচনী সময়ে আহত জুলাই যোদ্ধাদের ভুলে গেলে চলবে না। তাদের চিকিৎসা ও পুনর্বাসনের দায়িত্ব রাষ্ট্রের হওয়া উচিত। শুধু প্রাথমিক চিকিৎসা নয়, দীর্ঘমেয়াদি চিকিৎসার ব্যবস্থাও করা প্রয়োজন— তবেই তাদের ত্যাগের প্রকৃত মূল্যায়ন সম্ভব।
নাহিদ ইসলাম বলেন, “দেশের স্বাধীনতা ও গণতন্ত্র রক্ষায় যারা জীবন বাজি রেখেছেন, তাদের ত্যাগের প্রতি সম্মান জানানোই নাগরিক পার্টির অঙ্গীকার।”
এসময় উপস্থিত ছিলেন দলটির কেন্দ্রীয় নেতা আল আমিন, আহমেদুর রহমান তনুসহ অনেকে।