কক্সবাজারের চকরিয়ায় যাত্রীবাহী বাস ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে একই পরিবারের পাঁচজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও দুজন।
বুধবার (৫ নভেম্বর) বেলা ১১টার দিকে কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কের মালুমঘাট এলাকায় এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
মালুমঘাট হাইওয়ে থানার ওসি মেহেদী হাসান জানান, কক্সবাজারমুখী একটি মাইক্রোবাসের সঙ্গে বিপরীত দিক থেকে আসা একটি যাত্রীবাহী বাসের সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই দুজন মারা যান। গুরুতর আহত তিনজনকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
নিহতদের মধ্যে চারজন নারী ও একজন শিশু রয়েছে। তবে তাৎক্ষণিকভাবে তাদের নাম–পরিচয় জানা যায়নি।
স্থানীয়রা জানান, অতিরিক্ত গতির বাসটির সঙ্গে সংঘর্ষের পর মাইক্রোবাসটি দুমড়ে-মুচড়ে যায়। এতে ঘটনাস্থলে হৃদয়বিদারক দৃশ্যের সৃষ্টি হয়। সংঘর্ষে বাসের সামনের অংশও মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়।
দুর্ঘটনার পর মহাসড়কে যান চলাচল বিঘ্নিত হয়। পরে পুলিশ, সেনাবাহিনী ও স্থানীয়দের সহায়তায় দুর্ঘটনাকবলিত যান সরিয়ে ট্রাফিক স্বাভাবিক করা হয়।
পুলিশ জানিয়েছে, নিহতদের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। দুর্ঘটনার কারণ তদন্ত করা হচ্ছে।