সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান শনিবার (১৯ জুলাই) মিরপুরের মিলিটারি ইনস্টিটিউট অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি (এমআইএসটি) তে ‘মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং অ্যান্ড অ্যাপ্লাইড সায়েন্স’ বিষয়ক তৃতীয় আন্তর্জাতিক সম্মেলনের সমাপনীতে বলেছেন, দেশের উন্নয়নে শৃঙ্খলা ও মানবিক মূল্যবোধ অপরিহার্য।
তিনি বলেন, “শুধু ভালো প্রকৌশলী হয়ে নয়, একজন সৎ এবং শৃঙ্খলাবোধসম্পন্ন মানুষ হয়েই আপনি দেশের জন্য অবদান রাখতে পারবেন। নৈতিক শিক্ষা ও ভালো মানুষ হওয়া অপরিহার্য। নৈতিকতা ছাড়া উন্নতি সম্ভব নয়।”
সেনাপ্রধান আরও বলেন, এই সম্মেলন প্রযুক্তি উন্নয়ন ও বাস্তব সমস্যার সমাধানের জন্য একটি গতিশীল প্ল্যাটফর্ম হিসেবে কাজ করেছে। এখানে বৈচিত্র্যময় ধারণার আদান-প্রদান, একাডেমিক আলোচনা এবং যান্ত্রিক ও প্রায়োগিক বিজ্ঞান শাখার পথপ্রদর্শক গবেষণা উপস্থাপন করা হয়েছে, যা অংশগ্রহণকারীদের নতুন কিছু শেখার এবং ভবিষ্যতের জন্য অনুপ্রাণিত হওয়ার সুযোগ দিয়েছে।
তিনি সম্মেলনে অংশ নেয়া গবেষক ও প্রতিনিধিদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, “আপনাদের আন্তরিকতা ও উৎসাহ প্রশংসনীয়। ভবিষ্যতেও এ ধরনের সম্মেলনে আপনাদের আবার স্বাগত জানাতে চাই।”
তিন দিনব্যাপী সম্মেলনে কৃত্রিম বুদ্ধিমত্তা, নবায়নযোগ্য শক্তি, উৎপাদন কৌশল, তাপ প্রকৌশল ও মহাকাশ গবেষণা সহ বিভিন্ন আধুনিক বিষয়ে আলোচনা হয়। এতে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, কানাডা, চীন, জাপান ও বাংলাদেশের খ্যাতনামা গবেষক ও পেশাজীবীরা অংশগ্রহণ করেন।