অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, বিশ্বকে পরিবর্তন করতে হলে সব জাতিকে একসঙ্গে কাজ করতে হবে। সবাইকে এগিয়ে আসতে হবে। ধ্বংসের পথে যাওয়ার আগে সঠিক পথ বেছে নেওয়ার আহ্বান জানান তিনি।
তিনি বলেন, “আমরা বিষণ্ণ বিশ্ব নয়, সুন্দর একটি বিশ্ব তৈরি করতে চাই।“
শুক্রবার (২৭ জুন) সকালে সাভারের জিরাবোতে অবস্থিত সামাজিক কনভেনশন সেন্টারে দুদিনব্যাপী ১৫তম সোশ্যাল বিজনেস ডে-এর উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
ড. ইউনূস বলেন, সামাজিক ব্যবসা দিবস আমাদের জন্য পারিবারিক পুনর্মিলনের মতো। বিগত সরকারের কারণে এই দিবস পালন করা সম্ভব হয়নি। এবার ৫ আগস্টের পর প্রথমবারের মতো দিবসটি উদযাপন করতে পারছে বাংলাদেশ।
তিনি আরও বলেন, সবার জন্য স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে হলে সামাজিক ব্যবসাই সবচেয়ে কার্যকর উপায়। এ বছর সোশ্যাল বিজনেস ডের প্রতিপাদ্য “সবার জন্য স্বাস্থ্যসেবা নিশ্চিতকরণে সবচেয়ে কার্যকর পথ হলো সামাজিক ব্যবসা।”
তিনি বলেন, “যে কোনো শিক্ষা ব্যবস্থায় স্বপ্ন দেখা শেখাতে হবে। স্বপ্ন ছাড়া কোনো কিছু বাস্তবায়ন সম্ভব নয়। গ্রামীণ বিশ্ববিদ্যালয় নতুন সভ্যতা গড়তে অবদান রাখবে। আমরা বিষণ্ন নয়, সুন্দর বিশ্ব চাই। নতুন সভ্যতা গড়তে চাই, এবং আমরা সেটা পারব।”
উল্লেখ্য, দুই দিনব্যাপী এই আয়োজনে পাঁচটি পূর্ণাঙ্গ অধিবেশন এবং আটটি ব্রেকআউট সেশন অনুষ্ঠিত হবে। ২৫টিরও বেশি দেশ থেকে ১৮০ জন বিদেশিসহ সহস্রাধিক মানুষ অংশ নিচ্ছেন এই সম্মেলনে।