দিনাজপুর গোর-এ-শহীদ কেন্দ্রীয় ঈদগাহ মাঠে আজ শনিবার (৭ জুন) দেশের সবচেয়ে বড় ঈদুল আজহার জামাত অনুষ্ঠিত হয়েছে। সকাল সাড়ে ৮টায় শুরু হওয়া এ জামাতে অংশ নেন হাজারো ধর্মপ্রাণ মুসল্লি।
প্রায় ২২ একর জমির উপর বিস্তৃত এ ঈদগাহ মাঠে দিনাজপুর ছাড়াও ঠাকুরগাঁও, পঞ্চগড়, নীলফামারীসহ দেশের বিভিন্ন জেলা থেকে মুসল্লিরা অংশ নেন। শান্তিপূর্ণভাবে ঈদের নামাজ আদায়ে প্রয়োজনীয় সব প্রস্তুতি গ্রহণ করে কর্তৃপক্ষ।
দিনাজপুর পৌরসভা ও জেলা প্রশাসনের উদ্যোগে ওযু, যানবাহন পার্কিং, মেডিকেল টিম ও খাবার পানির ব্যবস্থা রাখা হয়। ঈদগাহ মাঠে স্থাপন করা হয় ৮০টি মাইক, ১৪টি গেট এবং ২টি ওয়াচ টাওয়ার। নিরাপত্তা নিশ্চিতে দিনাজপুর জেলা পুলিশ তিন স্তরের নিরাপত্তাব্যবস্থা গ্রহণ করে।
সকাল সাড়ে ৮টার আগেই মাঠ কানায় কানায় পূর্ণ হয়ে যায়। এই বৃহৎ জামাতে ইমামতি করেন বিশিষ্ট আলেম হাফেজ মাওলানা মাহফুজুর রহমান। নামাজে অংশ নেন জেলা প্রশাসক রফিকুল ইসলাম, পুলিশ সুপার মারুফাত হুসাইন, বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দসহ সব শ্রেণি-পেশার মানুষ।
এছাড়া আহলে হাদিস অনুসারীদের ঈদুল আজহার প্রধান জামাত সকাল ৭টায় অনুষ্ঠিত হয় দিনাজপুর আদর্শ কলেজ মাঠে।
অন্যদিকে, দিনাজপুর শহরের চাউলিয়াপট্টি-দক্ষিণ লালবাগ ঈদগাহ মাঠ, বালুয়াডাঙ্গা ঈদগাহ, লালবাগ ফুটবল মাঠসহ অর্ধশতাধিক স্থানে ঈদের জামাত অনুষ্ঠিত হয়। সদর উপজেলার চেরাডাঙ্গী ঈদগাহ মাঠেও আয়োজন করা হয় বড় জামাতের।
নামাজ শেষে দেশ, জাতি এবং সমগ্র মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করে মোনাজাত করা হয়।