বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে গুলিবিদ্ধ হয়ে নিহত মিরপুর সরকারি বাংলা কলেজের ছাত্র সাগর আহমেদের মরদেহ উত্তোলন আদালতের নির্দেশ সত্ত্বেও সম্ভব হয়নি পরিবারের অনীহার কারণে।
বুধবার (৭ মে) সকাল ১১টায় রাজবাড়ীর বালিয়াকান্দির টাকাপোড়া গ্রামে মরদেহ উত্তোলনে যান উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এহসানুল হক শিপনের নেতৃত্বে পুলিশের একটি দল। তবে সাগরের বাবা তোফাজ্জল হোসেন ও মামলার বাদী চাচাতো ভাই সাইফুল ইসলাম লাশ উত্তোলনে আপত্তি জানান।
পরিবারের অনুভূতির প্রতি শ্রদ্ধা জানিয়ে ম্যাজিস্ট্রেট ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সদস্যরা মরদেহ উত্তোলন না করেই ফিরে আসেন।
উল্লেখ্য, ২০২৪ সালের ১৯ জুলাই ঢাকায় চলমান বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে পুলিশের গুলিতে নিহত হন সাগর আহমেদ। পরদিন তাকে নিজ গ্রামের পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। চলতি বছরের ৬ ফেব্রুয়ারি তার চাচাতো ভাই সাইফুল ইসলাম সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ কয়েকজনের বিরুদ্ধে মামলা দায়ের করেন।