ভারত ও পাকিস্তানের মধ্যে পাল্টাপাল্টি হামলার প্রেক্ষাপটে বাংলাদেশ গভীর উদ্বেগ প্রকাশ করেছে এবং উভয় পক্ষকে সংযম প্রদর্শনের আহ্বান জানিয়েছে। আজ বুধবার (৮ মে) পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে এই প্রতিক্রিয়া জানানো হয়।
বিবৃতিতে বলা হয়, ভারত ও পাকিস্তানের মধ্যে ক্রমবর্ধমান উত্তেজনাকর পরিস্থিতি বাংলাদেশ নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে। বাংলাদেশ সরকার মনে করে, এ ধরনের সংঘর্ষ আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতার জন্য হুমকি সৃষ্টি করতে পারে।
পররাষ্ট্র মন্ত্রণালয় উভয় দেশকে শান্ত থাকা, উত্তেজনা বৃদ্ধি করতে পারে এমন পদক্ষেপ থেকে বিরত থাকা এবং কূটনৈতিক আলোচনার মাধ্যমে পরিস্থিতির সমাধানের পথে অগ্রসর হওয়ার আহ্বান জানায়।
বাংলাদেশ আশাবাদ ব্যক্ত করে বলেছে, আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতা নিশ্চিত করতে কূটনৈতিক প্রচেষ্টা অব্যাহত থাকবে এবং শেষ পর্যন্ত এই অঞ্চলের জনগণের কল্যাণেই শান্তিপূর্ণ সমাধান অর্জিত হবে।