মহান বিজয় দিবস উপলক্ষে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ উপলক্ষে দেশের বিভিন্ন সীমান্তে বিএসএফ সদস্যদের মিষ্টি উপহার দিয়েছে বিজিবি।
জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার হাটখোলা নামক সীমান্তে মিষ্টি উপহার দিয়ে শুভেচ্ছা বিনিময় করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও ভারতীয় বর্ডার সিকিউরিটি ফোর্স (বিএসএফ)।
সোমবার দুপুরে সীমান্তের ২৮১ মেইন পিলারের সাব ২ নং পিলারের শূন্যরেখায় বিজিবি ক্যাম্প কমান্ডার সুবেদার অসীম মারাক বিএসএফের গয়েশপুর ক্যাম্প কমান্ডার এসআইকেএম জুসিকে মিষ্টি উপহার দিয়ে শুভেচ্ছা জানান। এ সময় বিজিবি-বিএসএফ উভয় বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।
হাটখোলা বিজিবি ক্যাম্প কমান্ডার অসীম মারাক সমকালকে বলেন, সীমান্তে দুই বাহিনীর মধ্যে সম্প্রীতি ও ভ্রাতৃত্ববোধ বজায় রাখতে বিভিন্ন ধর্মীয় ও জাতীয় উৎসবগুলোতে আমরা পরস্পর মিষ্টি ও ফুল উপহার দিয়ে শুভেচ্ছা জানিয়ে থাকি। এতে করে সীমান্তে দায়িত্ব পালনে উভয় বাহিনীর মধ্যে সুসম্পর্ক বজায় থাকে। এসময় গয়েশপুর ক্যাম্প কমান্ডার এসআই কেএম জুসি ভারতীয় বিএসএফের পক্ষ থেকে সকল বাংলাদেশিদেরকে বিজয় দিবসের শুভেচ্ছা জানান।