গাজীপুরের কোনাবাড়ির আমবাগ এলাকায় ঝুটের গুদামে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। রবিবার বেলা দুইটার দিকে এ আগুনের ঘটনা ঘটে। ফায়ার সার্ভিসের চারটি ইউনিট প্রায় আড়াই ঘণ্টা চেষ্টায় ঝুট গুদামের আগুন-নিয়ন্ত্রণে আনে।
ফায়ার সার্ভিস ও এলাকাবাসী সূত্রে জানা যায়, গাজীপুর সিটি করপোরেশনের কোনাবাড়ির আমবাগ এলাকার বাদশা মিয়া, হালিম হোসেন, মুকুল মিয়া ও আবদুর রউফ স্থানীয় শাহ্ আলমের মালিকানাধীন গুদামঘর ভাড়া নিয়ে ঝুট ব্যবসা করে আসছিল। রবিবার বেলা ২টার দিকে ওই ঝুট গুদামে আগুন দেখতে পেয়ে স্থানীয়রা আগুন নেভাতে শুরু করেন, পাশাপাশি ফায়ার সার্ভিসে খবর দেন।
গাজীপুর ফায়ার সার্ভিসের উপ-পরিচালক মোহাম্মদ আব্দুল হামিদ মিয়া জানান, ঝুট গুদামে আগুন লাগার খবর পেয়ে প্রথমে জয়দেবপুর ও ডিবিএল ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট কাজ শুরু করে। পরে জয়দেবপুর ফায়ার সার্ভিসের আরও একটি ইউনিট এসে আগুন নিয়ন্ত্রণে আনতে যোগ দেয়। ফায়ার সার্ভিসের চারটি ইউনিট প্রায় আড়াই ঘণ্টা চেষ্টায় বিকেল সাড়ে ৪টার দিকে ঝুট গুদামের আগুন-নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। তবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ তাৎক্ষণিক ভাবে জানা যায়নি।