চাঁদপুরের ফরিদগঞ্জে আসমা আক্তার (১৯) নামে এক গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।
বুধবার দুপুরে পুলিশ লাশ উদ্ধারের পর ময়নাতদন্তের জন্য চাঁদপুর প্রেরণ করেছে। নিহত গৃহবধূ আসমা উপজেলার গুপ্টি পশ্চিম ইউনিয়নের আদশা গ্রামের প্রবাসী জিল্লুর রহমানের মেয়ে ও সাইমুন মোল্লার স্ত্রী।
আসমা আক্তারের মামা আলমগীর হোসেন বলেন, প্রায় তিন বছর আগে পার্শ্ববর্তী খাজুরিয়া গ্রামের আ. মান্নানের ছেলে স্যানেটারি মিস্ত্রি সাইমুন মোল্লার সঙ্গে পারিবারিক সম্মতিতে আসমার বিয়ে হয়। তাদের দাম্পত্য জীবনে আরিয়ান নামে ১০ মাস বয়সী একটি পুত্রসন্তান রয়েছে। প্রায় দেড় মাস আগে সে তার বাবার বাড়িতে বেড়াতে আসে। মঙ্গলবার রাতে বসতঘরের সিলিং ফ্যানের সঙ্গে গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেছে বলে জানতে পেরেছি। পারিবারিক কলহ রয়েছে এমনটিও শুনেছি। সংবাদ পেয়ে ফরিদগঞ্জ থানা পুলিশ তার লাশ উদ্ধার করে নিয়ে আসে।
এ ব্যাপারে ফরিদগঞ্জ থানার ওসি মোহাম্মদ শহিদ হোসেন জানান, সংবাদ পেয়ে তার লাশ উদ্ধার করে দুপুরে ময়নাতদন্তের জন্য চাঁদপুর মর্গে প্রেরণ করা হয়েছে। এ ব্যাপারে একটি অপমৃত্যু মামলা হয়েছে।