চাঁদপুরের সদরে দ্রুতগামী বাস নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে আট মাসের এক শিশু নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছে ওই শিশুটির বাবা-মাসহ অন্তত ১০ জন।
রোববার (০৫ সেপ্টেম্বর) সকালে চাঁদপুর সদর উপজেলার চাঁদখার দোকান এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এদিকে, আহতদের চাঁদপুর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
পুলিশ জানিয়েছে, সকালে চাঁদপুর থেকে কয়েকজন যাত্রী নিয়ে ঢাকা যাচ্ছিল পদ্মা এক্সপ্রেসের যাত্রীবাহী একটি বাস। এটি ঘটনাস্থলে পৌঁছালে হঠাৎ করে চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। এসময় বাসটি সড়কের পাশের একটি গাছের সঙ্গে ধাক্কা খেয়ে সামনের অংশ দুমড়ে মুচড়ে যায়।
এতে ঘটনাস্থলে বাসের সামনের আসনের যাত্রী জাহাঙ্গীর হোসেনের আট মাসের শিশু সুমন মারা যায়। এ ঘটনায় শিশুটির মা সাথী আক্তারসহ আরও দশ যাত্রী গুরুতর আহত হন। ঘটনার পর চালক বাসটি রেখে পালিয়ে যায়।
এসময় ওই বাসের যাত্রীরা অভিযোগ করেন, চালকের বেপরোয়া চালানোর কারণে এ দুর্ঘটনা ঘটেছে।
চাঁদপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুর রশিদ জানান, দুর্ঘটনা কবলিত যাত্রীবাহী বাসটি জব্দ করা হয়েছে। এতে চালক পালিয়ে গেছে। আহতদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেছে স্থানীয়রা। আর আহতদের মধ্যে দুজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।