দেশে করোনা নিয়ন্ত্রণে চলমান বিধিনিষেধের মধ্যে অপ্রয়োজনে বের হওয়ার অভিযোগে ঢাকায় আরও ৪২৫ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। লকডাউনের ত্রয়োদশ দিন বুধবার (৪ আগস্ট) ঢাকার বিভিন্ন এলাকা থেকে তাদেরকে গ্রেপ্তারের পাশাপাশি ১৭৯ জনকে মোট তিন লাখ ৭৬ হাজার ৮০০ টাকা জরিমানা করার কথা জানিয়েছে ঢাকা মহানগর পুলিশ।
করোনাভাইরাস সংক্রমণ বেড়ে যাওয়ায় সরকারের পক্ষ থেকে কঠোরভাবে এই দফার লকডাউন মেনে চলার নির্দেশনা থাকলেও রোববার পোশাক কারখানা খুলে দেওয়ার পর তাকে ঢিলেঢালা ভাব এসেছে। সড়কে গাড়ি বেড়েছে। পাড়া-মহল্লায় দোকানও খুলতে শুরু করেছে।
সরকার ইতোমধ্যে লকডাউনের মেয়াদ ১০ আগাস্ট পর্যন্ত বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে বলে মঙ্গলবার (৩ আগস্ট) জানান মুক্তিযুদ্ধ বিষয়কমন্ত্রী আ ক ম মোজাম্মেল হক।
এদিকে, দেশে করোনাভাইরাসে গত ২৪ ঘণ্টায় (মঙ্গলবার সকাল ৮টা থেকে বুধবার সকাল ৮টা পর্যন্ত) মারা গেছেন আরও ২৪১ জন। এ নিয়ে এখন পর্যন্ত দেশে মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ২১ হাজার ৬৩৮ জনে।
এছাড়া গত ২৪ ঘণ্টায় নতুন করে করোনা শনাক্ত হয়েছে ১৩ হাজার ৮১৭ জন। এ নিয়ে দেশে মোট করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়াল ১৩ লাখ ৯ হাজার ৯১০ জনে। গত ২৪ ঘণ্টায় ৪৯ হাজার ৫১৪ জনের নমুনা পরীক্ষায় শনাক্তের হার ২৭ দশমিক ৯১ শতাংশ। বুধবার বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ১৬ হাজার ১১২ জন। এ নিয়ে মোট সুস্থ হয়েছেন ১১ লাখ ৪১ হাজার ১৫৭ জন।
এদিকে করোনাভাইরাসে আক্রান্ত ও প্রাণহানির পরিসংখ্যান রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডওমিটারের তথ্যানুযায়ী, বাংলাদেশ সময় বুধবার সকাল ৮টা পর্যন্ত পূর্ববর্তী ২৪ ঘণ্টায় বিশ্বে করোনায় মৃতের সংখ্যা ও সংক্রমণ বেড়েছে। এ সময় মারা গেছেন আরও ৯ হাজার ৯৩৯ জন এবং আক্রান্ত হয়েছেন ৬ লাখ ১৫ হাজার ৫৪৪ জন। আর গতকাল মঙ্গলবার ৭ হাজার ৬৪৯ জনের মৃত্যু এবং ৪ লাখ ৭৪ হাজার ৪৮৯ জনের আক্রান্ত হওয়ার খবর দেয় ওয়ার্ল্ডওমিটার।
এ নিয়ে বিশ্বে এখন পর্যন্ত মোট করোনায় মৃত্যু ৪২ লাখ ৫৮ হাজার ৪৫৫ জন এবং আক্রান্ত হয়েছেন ২০ কোটি ২৩ লাখ ৩৫ হাজার ২৭৩ জন। এদের মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১৮ কোটি ৫ লাখ ৪ হাজার ৮৩৫ জন।