আগামী বছরের অমর একুশে বইমেলা শুরু হবে ২০ ফেব্রুয়ারি এবং চলবে ১৫ মার্চ পর্যন্ত। বাংলা একাডেমির আয়োজনে সাধারণত ১ ফেব্রুয়ারি থেকে এ মেলা শুরু হলেও জাতীয় সংসদ নির্বাচনের কারণে এবছর মেলার সময়সূচি পিছিয়ে দেওয়া হয়েছে।
বুধবার (১৭ ডিসেম্বর) বিকেলে বাংলা একাডেমির শহীদ মুনীর চৌধুরী সভাকক্ষে অমর একুশে বইমেলা–২০২৬ এর তারিখ নির্ধারণসংক্রান্ত এক জরুরি সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।
সভায় সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের সচিব মো. মফিদুর রহমান, বাংলা একাডেমির মহাপরিচালক অধ্যাপক মোহাম্মদ আজম, ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক সাইফুদ্দীন আহমদসহ বাংলা একাডেমির পরিচালক, প্রকাশক প্রতিনিধি এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
সভায় সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত হয়, অমর একুশে বইমেলা ২০ ফেব্রুয়ারি বেলা ১১টায় উদ্বোধন করা হবে। মেলা চলবে আগামী ১৫ মার্চ পর্যন্ত।